মির্জা ফখরুলকে বিদেশ যেতে বাধা নয়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।একই সঙ্গে মির্জা ফখরুলকে বিদেশ যেতে বাধা দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এবং বিদেশ যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি), ঢাকার জেলা প্রশাসক, ওসিকে (ইমিগ্রেশন) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।‘১৮ দলের নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৭৮ জন নেতার নাম প্রকাশ করা হয়। এই প্রেক্ষাপটে বিদেশ যেতে বাধা দেওয়া হতে পারে, এমন আশঙ্কা থেকে ফখরুলের আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন আদালতে রিট আবেদন করেন।মাহাবুব উদ্দিন খোকন প্রথম আলো ডটকমকে বলেন, আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশ যেতে বাধা না দিতে বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিদেশ যেতে বাধা দেওয়ার সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৯ আগস্ট এক সভায় যোগ দিতে মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। মাহাবুব উদ্দিন খোকনকে সহায়তা করেন আইনজীবী নাজমুল হুদা।