মির্জা ফখরুলসহ কয়েকজন জামিনে মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। হত্যা-গুম-নির্যাতন করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইছে। খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন চলবে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় জামিনে মুক্তি পেয়ে মির্জা ফখরুল প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। একই কারাগার থেকে একই সময়ে মুক্তি পান দলের স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। রাত ১০টা ২০ মিনিটে কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে মুক্তি পান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আ স ম হান্নান শাহ। কাশিমপুর কারাগার সূত্র জানায়, রাত সাড়ে আটটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের জামিননামা কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হয়। সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় গতকাল মির্জা ফখরুলসহ ১৫ নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন আদালত। কেন্দ্রীয় নেতাদের মুক্তির খবরে বিকেল থেকেই কারাফটকে নেতা-কর্মীদের উপচেপড়া ভিড় ছিল। কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী নেতাদের মধ্যে অপর একটি মামলা থাকায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ও মীর সরাফত আলীকে মুক্তি দেওয়ার পর কারাফটকে ঢাকা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তবে আর কোনো মামলা না থাকায় নির্বাহী কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান মুক্তি পেয়েছেন। এর আগে মির্জা ফখরুল ইসলামসহ ১৫ জন নেতাকে কারাগার থেকে আদালতে হাজির করাসংক্রান্ত পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহার করেন আদালত। একই সঙ্গে আগামী ২৬ জুলাই পর্যন্ত তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। ওই দিন আসামিদের উপস্থিতি ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ৭ জুন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ১৫ আসামির প্রতি পিডব্লিউ জারি করেন আদালত। বিএনপির নেতাদের আইনজীবী তাহেরুল ইসলাম ও জয়নাল আবেদিন মেজবাহ সাংবাদিকদের বলেন, এ মামলার ২৯ আসামির মধ্যে ১৪ আসামি আগেই জামিনে ছিলেন। পরোয়ানা প্রত্যাহারের ফলে জামিনপ্রাপ্ত নেতাদের নামে অন্য কোনো মামলা না থাকলে তাঁদের মুক্তি পেতে কোনো বাধা নেই। আদালত সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ৩২ জন নেতাকে হাইকোর্ট জামিন দেন। গতকাল জামিনপ্রাপ্ত নেতারা হলেন: মির্জা ফখরুল, হান্নান শাহ, খোন্দকার মোশাররফ, গয়েশ্বর চন্দ্র রায়, মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, রুহুল কুদ্দুস তালুকদার, হাবিব-উন-নবী খান, মীর সরাফত আলী, সাইফুল ইসলাম, সুলতান সালাউদ্দিন, আনিসুর রহমান তালুকদার, আবদুল মতিন, এস এম জাহাঙ্গীর হোসেন সরদার ও কামরুজ্জামান।আসামিপক্ষে শুনানি করেন মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন, সানাউল্লাহ মিয়া প্রমুখ আইনজীবী।রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর সরকারি কৌঁসুলি পিপি আবদুল্লাহ আবু, অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, এ এফ এম রেজাউল করিম প্রমুখ।