মির্জা ফখরুলসহ চার নেতার মুক্তি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, খন্দকার মোশাররফ হোসেন ও স্বনির্ভরতা-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার মুক্তি পেয়েছেন। গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণে মামলায় তারা কারাগারে আটক ছিলেন।আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কুদ্দুস তালুকদার গাজীপুরের কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাত সোয়া ১০টার দিকে আ স ম হান্নান শাহ ও খন্দকার মোশাররফ হোসেন কাশিমপুর-১ কারাগার থেকে মুক্তি পান।মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসার পর দলীয় নেতা-কর্মীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। হত্যা, গুম ও নির্যাতন করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। আন্দোলন দমিয়ে রাখতে বিরোধী দলের নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি ও গ্রেপ্তার করছে। খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন চলছে, চলবে। এ সরকারের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে।’ এরপর তাঁরা গাড়িতে করে ঢাকা উদ্দেশে রওনা হন। কাশিমপুর-২ কারাগারের জেলার সুভাস চন্দ্র ঘোষ প্রথম আলো ডটকমকে বলেন, জামিন আদেশের যাবতীয় কাগজপত্র পাওয়ার পরই রাত পৌনে ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদারকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে আজ ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫ জন নেতার আদালতে উপস্থিত করার পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ২৬ জুলাই পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়। ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক আজ বৃহস্পতিবার এ পরোয়ানা প্রত্যাহার-সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় ২৯ আসামির আইনজীবীরা এ আবেদন করেন। এরপর ১৩ জন আসামি জামিনে মুক্তি পান। জোট নেতাদের আইনজীবীরা জানিয়েছিলেন, তাঁদের এখন মুক্তি পেতে বাধা নেই। মির্জা ফখরুলসহ ১৮ দলের শীর্ষস্থানীয় নেতারা এ মামলায় আগেই জামিনে ছিলেন। অন্য একটি মামলায় গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ওই দিনই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় আসামিদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। তাই ওই পরোয়ানা প্রত্যাহার না করা পর্যন্ত আসামিদের জামিনে মুক্তির বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহানগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, স্বনির্ভরতা-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান।