মির্জা ফখরুলসহ ১০ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন, রমনা ও শাহজাহানপুর থানার পৃথক সাতটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পল্টন থানার দুটি ও শাহজাহানপুর থানায় করা একটি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা-বিষয়ক শুনানিও শেষ হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান, সাইফুর রহমান ও আসাদুজ্জামান নূর পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি গ্রহণ করে এ আদেশ দেন। অন্য নয় আসামি হলেন—মওদুদ আহমদ, রুহুল কবীর রিজভী, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লা বুলু, শহীদ উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও মোয়াজ্জেম হোসেন আলাল। এর মধ্যে রহুল কবীর রিজভী ও আমানউল্লাহ আমান অন্য মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন। সাতটি মামলার মধ্যে মির্জা ফখরুলের বিরুদ্ধে পাঁচটি ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে সাতটি মামলাই রয়েছে। এসব মামলার মধ্যে দ্রুত বিচার আইনে পল্টনে দুটি ও শাহজাহানপুরে একটি মামলা রয়েছে। আর পুলিশের কর্তব্যে বাধা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি মামলা করা হয়। গত ২, ৬ ও ১১ মার্চের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় এসব মামলা করা হয়।আজ সকালে রুহুল কবীর রিজভী ও আমানউল্লাহ আমান ছাড়া অন্যরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।আদালতে জামিনের শুনানিকালে মওদুদ আহমদ ৬ মার্চের ঘটনায় করা একটি মামলার বিষয়ে বলেন, ৬ মার্চ তিনি ঢাকায় ছিলেন না। তিনি গ্রামের বাড়িতে ছিলেন। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।