মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোট নেতাদের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।মহানগর হাকিম হারুন-অর-রশীদ ৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে আদালত সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ ও নাজিমউদ্দিন আলমের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি করে গাড়িতে আগুন দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও ক্ষতিসাধনসহ প্রত্যক্ষ-পরোক্ষভাবে নির্দেশনা, পরিকল্পনা, অর্থায়নে সহযোগিতা করার অভিযোগে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী ও জামায়াতের নেতা মকবুল আহমাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৫ ধারায় অভিযোগ গঠন করা হয়। এ ছাড়া অলি আহমদ, শহীদ উদ্দীন চৌধুরী, মাহবুব উদ্দিনসহ ৩৯ জনের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগে দ্রুত বিচার আইনের ৪ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। আদেশে বলা হয়, পলাতক আসামিদের অনুপস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ৩৩৯ (বি) ধারায় মামলার বিচারকাজ চলবে।আদালতের আদেশের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘দেশে আইনের শাসন নেই। সরকারের নির্দেশে আদালতের কাজ চলছে।’ তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কোন অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে, তা তিনি জানেন না। তাঁকে জিজ্ঞাসাও করা হয়নি, তিনি দোষী না নির্দোষ, বিচার চান কি না।হান্নান শাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘একজন ব্যক্তির জানার অধিকার রয়েছে, তাঁর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আমাদের সে সুযোগ দেওয়া হয়নি।’রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, আদালত আসামিদের বিরুদ্ধে আইনানুগভাবে অভিযোগ গঠন করেছেন। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।এর আগে গতকাল দুপুর ১২টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা মহানগর হাকিম মোহাম্মদ এরফানউল্লাহর প্রতি অনাস্থা জানালে তিনি মামলাটি মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে দেন। পরে মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মামলাটি বদলি করে মহানগর হাকিম হারুন-অর-রশীদের আদালতে পাঠান।আদালতে আইনজীবীরা: আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বেলা ১১টায় মোহাম্মদ এরফানউল্লাহর আদালতে একটি দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, দ্রুত বিচার আইনে বিচারকের এখতিয়ার (নিয়োগ) চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানির কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন। আদালত তা নাকচ করে দেন।এরপর আসামিপক্ষের অপর আইনজীবী বোরহান উদ্দিন নাকচ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত তা-ও নামঞ্জুর করেন। এ সময় আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, ‘যেহেতু আপনার এখতিয়ারকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে, তাই এ মামলার শুনানি গ্রহণের কোনো সুযোগ আপনার নেই।’পরে আরও একটি দরখাস্ত দিয়ে সময়ের আবেদন করে খন্দকার মাহবুব হোসেন বলেন, যেহেতু উচ্চ আদালতে আসামিপক্ষে একটি আবেদন করা হয়েছে, তাই এ অবস্থায় অভিযোগ গঠন করা হলে বিচার বিভাগের বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে, যা বিচার বিভাগের জন্য ক্ষতিকর এবং জনমনে এর প্রভাব পড়বে। তিনি হাইকোর্টের আদেশ দাখিলের জন্য দুই দিন বা সাত দিন শুনানি মুলতবি রাখার আবেদন করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু আদালতকে বলেন, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। তাই অভিযোগ গঠনে কোনো বাধা নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটির বিচার নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, যেহেতু আদালতের প্রতি আমাদের আস্থা নেই, সেহেতু এই আদালতে শুনানি করার প্রশ্নই ওঠে না।এ পর্যায়ে বিচারক আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো আদেশ দেব না। মামলার নথি মুখ্য মহানগর হাকিম আদালত বরাবর পাঠানো হলো।’বদলি আদালতে শুনানি: বেলা পৌনে একটার দিকে মহানগর হাকিম হারুন-অর-রশীদ এজলাসে ওঠেন। আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, এই মামলার আসামি মাহবুব উদ্দিন উচ্চ আদালতে রিট আবেদন করেছেন, তা শুনানির অপেক্ষায় আছে। তাই ইতিপূর্বে সময়ের আবেদন করা হলে আগের আদালত তা নাকচ করে দেন। তখন বিচারক কোনো স্থগিতাদেশ আছে কি না, জানতে চান।আসামিপক্ষের আইনজীবীরা জানান, ‘না নেই। আবেদনটি শুনানির জন্য রয়েছে।’ বিচারক বলেন, তা হলে অভিযোগ গঠনের ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কি? আসামিপক্ষের আইনজীবীরা বলেন, হাইকোর্টের রিট আবেদন আমাদের পক্ষেও যেতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে। তা শুনানি না হওয়া পর্যন্ত সময় দেওয়া হোক। আদালত তা নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতের ভেতরে বিচারকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও হইচই শুরু করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবুকে সহায়তা করেন শাহ আলম তালুকদার, এ এফ এম রেজাউল করিম, রেজাউল ইসলাম, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান, ফজলে রাব্বি, তাপস কুমার পাল, মকবুল হোসেন প্রমুখ। আসামিপক্ষে আরও শুনানি করেন মহসীন মিয়া, খোরশেদ আলম, ইকবাল হোসেন প্রমুখ।আদালতের বাইরে বিক্ষোভ: অভিযোগ গঠনের পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের বাইরে বিক্ষোভ করেন। এ সময় আদালত চত্বরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।যা ঘটেছিল: গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পাঁচ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলা করে। গত ১০ মে ডিবি পুলিশ প্রথমে মির্জা ফখরুল ইসলামসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।গতকাল মির্জা ফখরুল ইসলামসহ ৩৬ জন আদালতে হাজির ছিলেন। কারাগারে আটক তিন আসামি সোহান, জসিম ও মানিক রতনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, জামায়াতের নেতা নুরুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার পলাতক।জামিন হয়নি তিনজনের: আসামি সোহান, জসিম ও মানিক রতনের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত এ আবেদন নামঞ্জুর করেন।