মির্জা ফখরুলসহ ২৬ নেতাকে পাঠানো হলো কাশিমপুর কারাগারে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় আটক বিএনপিসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় ২৬ জন নেতাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এসব নেতাকে গতকাল শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ওই কারাগারে পাঠানো হয়।কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে এই ২৬ জন নেতাকে কাশিমপুরে আনা হয়। তাঁদের কাশিমপুর ১, ২ ও কড়া নিরাপত্তাব্যবস্থার কেন্দ্রীয় কারাগারে (হাই সিকিউরিটি সেন্ট্রাল জেল) রাখা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন বিশেষ মর্যাদাপ্রাপ্ত (ডিভিশন) বন্দী রয়েছেন।কারাগার সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানসংকুলান না হওয়ায় ১৮ দলীয় জোটের এসব নেতাকে কাশিমপুরে নেওয়া হয়। তাঁদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি সাংসদ অলি আহমদ, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানকে কাশিমপুর-২ কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর-১ কারাগারে পাঠানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন ও আ স ম হান্নান শাহকে। এই সাতজন বিশেষ মর্যাদাপ্রাপ্ত বন্দী। বাকি ১৯ জনকে কাশিমপুরের কড়া নিরাপত্তাব্যবস্থার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।গত ২৯ এপ্রিল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় ৪৫ জনের বিরুদ্ধে ১০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তাঁদের মধ্যে এই ২৬ জনসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতা বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিনই তাঁদের কারাগারে পাঠানো হয়। এই ৩৩ জনের মধ্যে অপর সাতজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তাঁরা হলেন: স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম। এই সাতজনও বিশেষ মর্যাদাপ্রাপ্ত বন্দী বলে জানা গেছে।