মির্জা ফখরুলের বাসায় পুলিশ
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় কোনো ধরনের সভা করতে নিষেধ করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সাদা পোশাকধারী পুলিশ তাঁর বাসায় গিয়ে এ কথা বলে এসেছে। মির্জা ফখরুল জানান, আজ দুপুরে তাঁর উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসায় দুজন সাদা পোশাকধারী পুলিশ আসে। এ সময় আরও কয়েকজন পুলিশ বাসার নিচে অবস্থান করছিল। তিনি বাসায় না থাকায় পুলিশ সদস্যরা তাঁর মেয়ের কাছে জিজ্ঞাসা করেছে, এ বাসায় কোনো সভা হয়েছিল কি না। কোনো সভা যেন না হয় তাও বলে এসেছে। মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার পরও কেন পুলিশ এল, তা বুঝতে পারছি না। এ ব্যাপারে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ জানান, উত্তরা থানার পুলিশ তাঁর বাসায় গিয়েছিল। আজ উত্তরা থানায় একটি তথ্য আসে যে মির্জা ফখরুল তাঁর বাসায় জামায়াত-জঙ্গিদের নিয়ে সভা করছেন। সেই তথ্য পেয়ে উত্তরা থানা পুলিশ সেখানে যায়। গিয়ে জানতে পারে, তাঁর বাসায় তিনি কিছু কর্মী নিয়ে সকালে নাশতা করে বের হয়ে যান। এরপর পুলিশ ফিরে আসে।