মির্জাপুরে ট্রেনের ধাক্কায় চার টেম্পোযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা সেতুর রেলসংযোগ সড়কে মির্জাপুর উপজেলার কলিমাজানী রেলগেটে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় টেম্পোর চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন ছয়জন। আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলগেটে এ সময় কোনো গেটম্যানছিলেন না বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলিমাজানী থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি টেম্পো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়ায় যাচ্ছিল। পথে ওই রেলগেট পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি টেম্পোটিকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে কেবল টেম্পোচালকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম ওহাব আলী (৩৫) । জানা যায়, ২০০৯ সালের ১১ জুলাই টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে যমুনা সেতুর রেলসংযোগ সড়কের পাঁচটি গেটে ১৫জন কর্মী নিয়োগ দেওয়া হয়। ছয় মাস ধরে তাঁরা বেতন না পাওয়ায় ১৩ জুলাই একযোগে সবাই জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে রেলগেটগুলো অরক্ষিত অবস্থায় আছে। টাঙ্গাইল জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী জানান, ‘কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় এ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের ফান্ডে থাকা অর্থ দিয়ে বেতন পরিশোধ করা হয়েছে। ইতিমধ্যে ফান্ডের টাকা শেষ হয়ে গেছে। ওইসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে নতুন করে অর্থ বরাদ্দ না দেওয়ায় কর্মীদের বেতন দেওয়া সম্ভব হয়নি। বেতন পরিশোধের জন্য সময় চেয়ে তাঁদের অপেক্ষা করতে বলা হয়।’ তবে কর্মীদের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই বলেও তিনি জানান।