মির্জাপুরে তিনটি ও সখীপুরে একটি মন্দির ভাঙচুর
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিনটি মন্দিরের তালা ভেঙে মূর্তি এবং সখীপুরে হাতীবান্ধা পশ্চিমপাড়া রাধাবল্লভ কালীমন্দির ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এসব ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা শীতলতলা মহাশ্মশান ঘাটে পাশাপাশি অবস্থিত তিনটি মন্দিরের ভান্ডার ঘরের দরজা ভেঙে পিতলের তৈজসপত্রসহ পূজার সব মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শীতলতলা মহাশ্মশান ঘাটে প্রায় তিন শ বছরের পুরোনো এসব মন্দিরে প্রতিদিনই পূজা-অর্চনা হয়ে থাকে। অন্যান্য দিনের মতো গতকাল শুক্রবারও সকালে পূজারিরা পূজা দিতে গিয়ে কালীমন্দির, পঞ্চদেবতার মন্দির ও শিবমন্দিরের দরজার তালা ভাঙা দেখতে পান। সব মূর্তি ভাঙচুর করে পাশের জঙ্গল ও পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ছাড়া ভান্ডার ঘরের দরজা ভেঙে পিতলের তৈজসপত্রসহ পূজার সব মালামাল লুট করা হয়েছে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজখবর করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, সখীপুর উপজেলার হাতীবান্ধা পশ্চিমপাড়া রাধাবল্লভ কালীমন্দিরও একই রাতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলা সদর থেকে ২১ কিলোমিটার দূরে ওই মন্দিরে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা মন্দিরের মহাদেব ও মা কালীর মেয়ে ডাকিনির মাথা, মা কালীর জিব, চুল ও মুণ্ডু ভেঙে দিয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুখ লাল সরকার জানান, বৃহস্পতিবার নাটমন্দিরে রাত ১২টা পর্যন্ত লোকজন ছিল। পরে রাতের কোনো এক সময় কে বা কারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে পাশের ধানখেতে মহাদেব ও মা কালীর মেয়ে ডাকিনির মাথা, মা কালীর জিব, চুল ও মুণ্ডু ফেলে রাখে।