মির্জাপুরে বাস খাদে পড়ে নিহত ৬
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছে। উপজেলার শুভুল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের জামাল মণ্ডল (৩৫), পাবনার সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের শুকজান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার রানীনগর গ্রামের জহুরুল ইসলাম (৪৫) ও শাহাজাদপুরের উল্টাভাব গ্রামের সাইফুল মোল্লা, পাবনার সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের হামিদ সরদার ও ক্ষেতপুরের হাফিজ।পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী মহানগর পরিবহনের যাত্রীবাহী বাসটি গতকাল রাত সোয়া ১২টার দিকে মহাসড়কের শুভ্যুলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত ৪০ জনের মধ্যে ৩০ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মির্জাপুরের গোরাই হাইওয়ে থানার (প্রস্তাবিত) উপপরিদর্শক (এসআই) মহানন্দ সিং আজ রোববার প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।