মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সকালে একই মহাসড়কের ধল্লা এলাকায় আরেকটি দুর্ঘটনায় ১০ জন আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর সোয়া পাঁচটার দিকে মহাসড়কের শুভুল্যায় টাঙ্গাইলগামী ট্রাকের ধাক্কায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রীসহ চারজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। নিহত তিনজন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস এলাকার লাকি খানম (২৬), রিপা (১৮) ও নুরুল হক (২০)। চালকের নাম জানা যায়নি।একই মহাসড়কের ধল্লা এলাকায় সকাল সোয়া আটটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হন। আহত লোকজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন পৃথক দুর্ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।