মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২০, নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকায় বাস, ট্রাক ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভয়াবহ যানজট ছিল।নিহতরা হলেন ট্রাকচালক আলাউদ্দিন (৪০) ও বাসচালক শফিকুল ইসলাম (৩৮)। আলাউদ্দিনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামে এবং শফিকুলের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামে। নিহত দুই যাত্রী হলেন কুড়িগ্রাম সদরের চরসিতাইধার গ্রামের শহীদুর রহমান (৩৫) ও মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার রোডের বাসিন্দা হাবু মিয়া (৪৫)। আহতরা সবাই দিনমজুর এবং তাঁদের সবার বাড়ি উত্তরাঞ্চলে বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের ওই স্থানে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশে আগুন ধরে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন।একই সময় টাঙ্গাইলগামী অন্য একটি পিকআপ সজোরে ট্রাকের পেছন দিকে ধাক্কা দিলে পিকআপটিও দুমড়েমুচড়ে যায় এবং এই ঘটনাস্থলে হাবু মিয়া একজন মারা যান।দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ও টাঙ্গাইলের দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার পর মহাসড়কের কদিম ধল্যা থেকে সোহাগপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও পিকআপ ভ্যানটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।