মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ রোববার দুপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত আটজন।নিহত দুই গৃহবধূ হলেন টাঙ্গাইল সদরের টেট্টা ভাতকুড়া গ্রামের শান্ত খানের স্ত্রী সুলতানা খান এবং মধুপুরের আবদুল আজিজ মিয়ার স্ত্রী আনু বেগম।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে মহাসড়কের আছিমতলা এলাকায় গম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আনু বেগম নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সুলতানা খান মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।