মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, তিন ঘণ্টা অবরোধ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কদিম ধল্যা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় উত্তেজিত জনতা ওই স্থানে গতিরোধকের দাবিতে মহাসড়কের ওপর গাছের ডালপালা ফেলে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মির্জাপুর উপজেলার বলুটিয়া গ্রামের নুরুল ইসলাম মাস্টারের ছেলে নাহিদ (২০), ডুকলাহাটি গ্রামের রাজা মিয়ার ছেলে বাপ্পি (২৮) ও ঠান্ডু মল্লিকের ছেলে শফিক (৩০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি-চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী ও একজন পথচারী মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহী ও অপর এক পথচারীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের দুজন মারা যান।এ ঘটনায় উত্তেজিত জনতা ওই স্থানে গতিরোধকের দাবিতে মহাসড়কের ওপর গাছের ডালপালা ফেলে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে।খবর পেয়ে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ও জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। জনতার উত্তেজনা বেড়ে গেলে সকাল ১০টার সময় এএসপি মাহফুজুর রহমান আগামী সোমবারের মধ্যে ওই স্থানে গতিরোধক নির্মাণের ঘোষণা দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।