মিল লোকসানে, আখ জমিতে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল ও রংপুরের বদরগঞ্জের শ্যামপুর চিনিকলে চলতি মৌসুমে নির্ধারিত সময়ের আগেই আখ মাড়াই বন্ধ হয়ে গেছে। অথচ দুটি এলাকাতেই মিল সংলগ্ন জমিতে দাঁড়িয়ে আছে আখ। কৃষকেরা বলছেন চিনিকলের কাছ থেকে যথাযথ দাম না পাওয়ায় তারা সেখানে আখ বিক্রি করেননি। মিল কর্তৃপক্ষও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করেছেন এ অভিযোগ। অভিযোগ যাই হোক বাস্তবতা হচ্ছে এ অবস্থায় কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে আমাদের চিনিকলগুলোকে।আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, মহিমাগঞ্জের রংপুর চিনিকল এলাকায় এখনো ১০০ একর জমিতে প্রায় ১৫ হাজার মেট্রিক টন আখ দাঁড়িয়ে আছে। অথচ চিনিকলে আখ মাড়াই বন্ধ হয়েছে তিন সপ্তাহ আগেই। এতে করে চিনিকলকে এবার প্রায় ১১ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থার জন্য চিনিকল কর্তৃপক্ষ বলছে, কৃষকেরা আখ বিক্রি না করায় তাদের মাড়াই বন্ধ করতে হয়েছে। আর কৃষকেরা বলছেন, চিনিকল থেকে যথাযথ দাম না পাওয়ায় সেখানে আখ বিক্রি করেননি তাঁরা। চিনিকল সূত্র জানায়, গত বছরের ৩০ ডিসেম্বর গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী চিনিকলের ২০০৯-২০১০ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এবার চিনিকলে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং তিন হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু ২৫ হাজার ১১৯ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উত্পাদন হয় এক হাজার ৪৪৪ দশমিক ২০২ মেট্রিক টন। এ ছাড়া ৩০ দিন মাড়াইয়ের কথা থাকলেও আখের অভাবে মাত্র ১৯ দিনের মাথায় ১৭ জানুয়ারি মাড়াই বন্ধ করতে হয়েছে। সূত্রটি জানায়, চিনিকল জোন এলাকার গোবিন্দগঞ্জ উপজেলার সাতানা বালুয়া, গোশাইপুর, রামনাথপুর, চরপাড়া, পুনতাইড়, কামারদহ, রসুলপুর, খরিয়া, নাগের ভিটা, গোবিন্দগঞ্জ পৌর এলাকার চকগোবিন্দ, সাদুল্যাপুর ও সাঘাটা উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চলের প্রায় ১০০ একর জমিতে এখনো প্রায় ১৫ হাজার মেট্রিক টন আখ দাঁড়িয়ে আছে। এই পরিমাণ আখ দিয়ে আরও সাত দিন মাড়াইয়ের কাজ চালানো যেত। এদিকে কৃষকেরা জানান, চিনিকলের কাছ থেকে তাঁরা আখের ন্যায্যমূল্য পান না। ফলে চিনিকলে আখ দিলে তাঁদের লোকসান গুনতে হয়। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক রেজাউল করিম (৪০) বলেন, চিনিকলে প্রতিমণ আখ বিক্রি করতে হয় মাত্র ৭০ টাকায়। তা ছাড়া আখ বিক্রি করে টাকা তুলতেও পোহাতে হয় নানা প্রশাসনিক ঝামেলা ও সময় অপচয় হয়। অথচ গুড় মাড়াইকারীদের কাছে তাঁরা সরাসরি প্রতিমণ আখ ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি করতে পারেন। গুড় মাড়াইকারীরা জমি থেকেই আখ নিয়ে যাচ্ছেন। এতে আমরা লাভবান হচ্ছি। একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৪২) আক্ষেপ করে বলেন, এত ঝামেলা করে কম টাকায় কেন চিনিকলে আখ বিক্রি করব? তাই বেশি দামে অন্য জায়গায় বিক্রির জন্য এখনো জমিতে আখ রেখে দিয়েছি।ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি গ্রামের আখচাষি কফিল উদ্দিন (৪৫) বলেন, চিনিকলে আখ বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়া যায় না। তাই উত্পাদন খরচ তুলতে গুড় মাড়াইকারীদের কাছে আখ বিক্রি করতে বাধ্য হচ্ছি।রংপুর চিনিকল আখচাষি কল্যাণ গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, চিনিকল কর্তৃপক্ষের প্রতিমণ আখ কমপক্ষে ৯০ টাকা করে কেনা উচিত। এতে কৃষকেরাও তাদের কাছে আখ বিক্রি করতে আগ্রহী হবেন। চিনিকলও লাভবান হবে। গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় গ্রামের গুড় ব্যবসায়ী সাজু মিয়া (৫৫) বলেন, এক মণ আখ থেকে তিন থেকে চার কেজি গুড় হয়। বর্তমান বাজারে প্রতিকেজি গুড় ৫৫ টাকা। এ হিসেবে চার কেজি গুড়ের দাম ২২০ টাকা। তাই প্রতিমণ আখ ১১০ থেকে ১২০ টাকায় কিনেও লাভ হচ্ছে। আর দাম বেশি পাওয়ায় আখচাষিরাও আমাদের কাছে তাঁদের ফসল বিক্রি করতে আগ্রহী। চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মফিজুর রহমান খান বলেন, বাজারে চিনির চেয়ে গুড়ের দাম বেশি। তাই গুড় উত্পাদনকারীরা বেশি দামে আখ কিনতে পারেন। আখচাষিরাও তাঁদের কাছে আখ বিক্রি করতে আগ্রহী বেশি। ফলে আখচাষের জন্য চিনিকল থেকে ঋণ দিয়েও কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় আখ পাওয়া যাচ্ছে না। এমনকি কৃষকদের কাছে প্রায় অর্ধকোটি টাকা ঋণ অনাদায়ী হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চিনিকলের এক কর্মকর্তা বলেন, অবৈধভাবে চিনিকল এলাকায় ৯৬টি পাওয়ার ক্রাসার (গুড় মাড়াইয়ের মেশিন) মেশিন দিয়ে আখ থেকে গুড় তৈরি করা হচ্ছে। অথচ প্রশাসন ও পুলিশের সহযোগিতার অভাবে এসব গুড় মাড়াই বন্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ফলে আখের সংকট প্রকট হয়ে উঠেছে। তাই নির্দিষ্ট সময়ের আগেই চিনিকলে মাড়াই বন্ধ করে দিতে হচ্ছে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা বলেন, বাজারে চিনির চেয়ে গুড়ের দাম বেশি। তাই গুড় উত্পাদনকারীরা বেশি দামে আখ কিনতে পারছেন। বিশেষত দুর্গম চর এলাকায় ব্যাপকহারে গুড় মাড়াই হলেও তা রোধ করা যাচ্ছে না। এ অবস্থায় এ মৌসুমে প্রায় ১১ কোটি টাকা লোকসান হয়েছে।এদিকে আমাদের বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, শ্যামপুর চিনিকলও চলতি মৌসুমে লোকসান দিয়েছে প্রায় ১২ কোটি টাকা। এ নিয়ে গত ৪২ বছরে মিলটিতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১৭ কোটি টাকা। এবারও মিলটি চালুর ৩৩ দিন পর আখের অভাবে মাড়াই বন্ধ হয়ে গেছে। সরকারি দামের চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় অনেক চাষি তাঁদের আখ এবার মিলে সরবরাহ করেননি। মিল সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালে শ্যামপুর সুগার মিল স্থাপন করা হয়। প্রতি মৌসুমে ১০০ দিনে মিলের আখ মাড়াই ক্ষমতা এক লাখ ২০ হাজার টন। এ পরিমাণ আখ মাড়াই করতে পারলে চিনি পাওয়া যায় আট হাজার মেট্রিক টন। কিন্তু চলতি মৌসুমে গত বছরের ২৫ ডিসেম্বর থেকে মিল চালুর পর ২৬ জানুয়ারি পর্যন্ত ৩৩ দিনে আখ পাওয়া গেছে মাত্র ৩০ হাজার ৮০০ মেট্রিক টন, সেখান থেকে চিনি পাওয়া গেছে দুই হাজার ৮২ দশমিক ৫ মেট্রিক টন। বর্তমান বাজার অনুযায়ী এর দাম প্রায় সাড়ে নয় কোটি টাকা। এতে চলতি মৌসুমে প্রায় ১২ কোটি টাকা লোকসানসহ ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত মিলের লোকসানের পরিমাণ দাঁড়াল প্রায় ১১৭ কোটি টাকা।গোপালপুরের আখচাষি মমদেল হোসেন ও জমসেদ আলী অভিযোগ করেন, মিলে আখ ক্রয় করা হয়েছে প্রতিমণ (৪০ কেজি) ৬৬ টাকা। অথচ গুড় ব্যবসায়ীরা জমি থেকে প্রতিমণ আখ কিনছেন সর্বনিম্ন ১০০ টাকা দরে। তাই কৃষকেরা তাঁদের আখ মিলে বিক্রি করতে আগ্রহী নন।চাষি মোস্তাফিজার রহমান জানান, অনেক চাষি মিল থেকে নগদ অর্থ ঋণ এবং ঋণে সার ও ওষুধ নেওয়ায় তা পরিশোধে বাধ্য হয়ে কিছু পরিমাণ আখ মিলে দিয়েছেন। বাকি আখ বাইরে গুড় ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রি করেছেন। তাঁর মতে, মিল জোন এলাকায় এখনো অনেক জমিতে আখ রয়েছে। কিন্তু কম দামের কারণে চাষিরা তা মিলে দিচ্ছেন না।পৌরসভার মুন্সিপাড়া গ্রামের আখচাষি শ্যামল লোহানী জানান, কৃষকেরা আসলে অল্প সময়ে জমি থেকে আবাদ তুলে বেশি লাভ করতে চান। কিন্তু আখ লাগানো থেকে কাটা পর্যন্ত সময় লাগে প্রায় আট-নয় মাস। এর চেয়ে কম সময়ে অন্য ফসল ফলিয়ে বেশি লাভ করা যায়। তাই কৃষকেরা সাধারণত আখচাষে উত্সাহ বোধ করেন না।মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান বলেন, ‘আখচাষিদের অভিযোগ অনেকটা সঠিক। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য ফসল মার খেলেও আখ টিকে থাকে। এ জন্য নিশ্চিত লাভ পেতে কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি আখের চাষ করা উচিত। সরকারি দামের চেয়ে মিলের বাইরে আখের দাম বেশি এবং চলতি মৌসুমে আখের অভাবে মিল বন্ধ হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, এ জন্য সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। কৃষকদেরও চিনিশিল্প রক্ষায় আখের চাষ বাড়াতে হবে। নইলে হুমকির মুখে থাকা চিনিশিল্প ধ্বংস হয়ে যাবে। এতে দেশে বেকারত্ব বাড়বে, যা কারও জন্য ভালো ফল বয়ে আনবে না।’