মিলছে গানস এন’ রোজেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানস এন’ রোজেস ভক্তদের জন্য সুসংবাদ। চলতি বছরের এপ্রিলে মার্কিন হার্ড রক ব্যান্ড গানস এন’ রোজেসের মূল সদস্যদের একসঙ্গে মঞ্চে দেখার সুযোগ পাবেন ভক্ত ও শ্রোতারা। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিতব্য রক অ্যান্ড রোল হল অব ফেম কনসার্টে গাইবে পুরোনো সেই গানস এন’ রোজেস। সম্প্রতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ব্যান্ডটির বর্তমান কি-বোর্ড ও পিয়ানো বাদক ডিজি রিড। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ডিজি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ব্যান্ডের মূল সব সদস্যই একত্র হতে যাচ্ছেন। রক অ্যান্ড রোল হল অব ফেম কনসার্টে একসঙ্গে গাইব আমরা। আমি এখন পর্যন্ত নিশ্চিত নই, আসলে কী ঘটতে যাচ্ছে সেদিন। তবে যাই ঘটুক না কেন সেটা যে অবিস্মরণীয় একটা ঘটনা হবে সে ব্যাপারে আমি নিশ্চিত। আসলে যেকোনো পুনর্মিলনই দারুণ একটি বিষয়। আমি অধীর আগ্রহে এবং খোলা মন নিয়ে সেই দিনটির জন্য অপেক্ষা করছি।’ ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নিয়েছিল গানস এন’ রোজেস। সে সময় এর সদস্য ছিলেন এক্সেল রোজ (ভোকালিস্ট), স্ল্যাশ (লিড গিটারিস্ট), ইজি স্ট্র্যাডলিন (রিদম গিটারিস্ট), ডাফ ম্যাকাগান (বেজ গিটারিস্ট) এবং স্টিভেন অ্যাডলার (ড্রামার)। পরবর্তীকালে বেশ কয়েকবার ব্যান্ডটির লাইন আপ পরিবর্তিত হয়েছে। বর্তমানে এক্সেল রোজ ছাড়া আর কোনো মূল সদস্যই ব্যান্ডটিতে নেই।