মিলনকে পিটিয়ে হত্যা: পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় আজ মঙ্গলবার সকালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপারের কাছে দেওয়া প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির কথা উল্লেখ করে ওসিসহ চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহবুব রশীদ আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, প্রতিবেদনের সারসংক্ষেপ ‘দায়িত্ব পালনে পুলিশের গাফিলতি’। এ জন্য কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ, উপপরিদর্শক (এসআই) আকরাম শেখ, কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সাত পৃষ্ঠার ওই প্রতিবেদনটি এখনো পুরোপুরি পড়ে দেখিনি। তবে প্রতিবেদনের সারমর্ম হিসেবে দায়িত্ব পালনে পুলিশের গাফিলতির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।’আজ সকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ গেছেন। সকাল পৌনে ১০টার দিকে তিনি কোম্পানীগঞ্জ থানায় পৌঁছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির। অতিরিক্ত ডিআইজি ওই দিনের ঘটনার বিষয়ে রফিক উল্লাহসহ কয়েকজনের বক্তব্য শোনেন। এরপর তিনি মিলন হত্যার ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট অন্য এলাকায় যাবেন।প্রসঙ্গত, গত ২৭ জুলাই সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৬ বছরের কিশোর শামছুদ্দিন মিলন গণপিটুনিতে নিহত হয়। ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি মিলনকে পুলিশের একটি গাড়ি থেকে নামিয়ে জনতার হাতে তুলে দিচ্ছে। পরে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে।