মিলনের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের দিন রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির নেতা মির্জা আব্বাসের জামিন স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে। এ আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৩০ সেপ্টেম্বর শুনানি হবে। আজ সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক শুনানির এ দিন ধার্য করেন।একই আদালতে চাঁদাবাজি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের জামিন স্থগিতের জন্য সরকার পক্ষ আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত কোনো আদেশ দেননি। জানা যায়, হরতালের আগের দিন গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় আপিল বিভাগ ৩১ আগস্ট মির্জা আব্বাসের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা হয়। ২৯ জুন পল্টন, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো করা হয়। হরতালের দিনই তিনি গ্রেপ্তার হন। মির্জা আব্বাস বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে গত ১৬ আগস্ট চাঁদাবাজির অভিযোগে করা মামলায় আদালত মিলনের জামিন মঞ্জুর করেন। আদালতে দুই নেতার পক্ষে রফিক-উল হক, মাহবুব উদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির মামলা পরিচালনা করেন।মাহবুব উদ্দিন খোকন পরে প্রথম আলোকে বলেন, জামিন স্থগিতের আদেশ প্রত্যাহারের জন্য মির্জা আব্বাসের করা আবেদনের ওপর ৩০ সেপ্টেম্বর শুনানি হবে। মিলনের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশে আদালত কোনো স্থগিতাদেশ দেননি। ফলে তাঁর জামিন বহাল রইল।