মিলনের ‘অন্যরকম’ উপস্থাপনা!
অভিনেতা আনিসুর রহমান মিলন এর আগে টেলিভিশনে একটিমাত্র অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সেটি একটি গানের অনুষ্ঠান। এবার তিনি ‘অন্যরকম’ একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন বলে জানান তিনি। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে আরটিভি-স্টার-নাইট নামের একটি সরাসরি অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। এতে মিলনের সঙ্গে আরও ছিলেন উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। এ প্রসঙ্গে মিলন বলেন, ‘আমি এর আগে ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম। সেটিতে অতিথি হিসেবে ছিলেন কনা ও এলিটা। আর তা ছিল ঈদের অনুষ্ঠান।’অন্যরকম অনুষ্ঠান উপস্থাপনা করলেন মানে কী? এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, ‘টানা কয়েক ঘণ্টা দর্শকদের সামনে এ ধরনের কোনো সরাসরি অনুষ্ঠান আগে কখনো উপস্থাপনা করার অভিজ্ঞতা আগে ছিল না। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারটি আমার কাছে একেবারেই অন্যরকম মনে হয়েছে। নতুন অভিজ্ঞতাও হলো আর কি।’বর্তমানে এনটিভিতে প্রচারিত হচ্ছে আনিসুর রহমান মিলন অভিনীত ধারাবাহিক নাটক ‘কবি’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করেছেন আরিফ খান ও সাধনা আহমেদ। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন এখন দেখানো হচ্ছে মিলন ও তাঁর স্ত্রী লুসি তৃপ্তি গোমেজ দম্পতির নতুন একটি বিজ্ঞাপনচিত্র।