মিলমালিকেরা চাল সরবরাহ না করলে সনদ বাতিল: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক চালকলের মালিকদের হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, যেসব চালকল মালিক সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ রাখবেন, তাঁদের সনদ বাতিল করা হবে। তিনি বলেছেন, ‘চুক্তি অনুযায়ী তাঁদের চাল সরবরাহ করতেই হবে অথবা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আজ রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী এ কথা বলেন। চালকল মালিক সমিতি সরকারি গুদামে আজ থেকে চুক্তির চাল সরবরাহ বন্ধের ঘোষণায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। খবর উইএনবির।খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার ২৫ টাকা কেজিতে চাল ক্রয়ের জন্য চালকলের মালিকদের সঙ্গে চুক্তি করেছে। এর পর তাঁদের তিন টাকা প্রণোদনা দিয়ে ২৮ টাকা কেজিতে চাল ক্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। চালকলের মালিকদের দাম বৃদ্ধির দাবি অযৌক্তিক। মন্ত্রী জানান, চালকলের মালিকেরা এখনো সরকারের কাছে চাল সরবরাহ বন্ধ করেননি।বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং চালকল মালিক সমিতি আজ রোববার থেকে দেশের সব সরকারি গুদামে চুক্তির চাল সরবরাহ বন্ধ রেখেছে।