মিলল না ড্রয়ের সান্ত্বনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও ক্যামেরার পেছনে ওয়েস্ট ইন্ডিজ দলের ফিজিও। মাইক্রোফোন হাতে মিডিয়া ম্যানেজার অ্যাড্রিয়েল রিচার্ডস। বাংলাদেশ দলের যেকোনো সফরে সাংবাদিকদের বিশাল একটা বহর যেমন সঙ্গী হয়ে থাকে, ওয়েস্ট ইন্ডিজের ঘটনা তা নয়। এ সফরেই যেমন একজন ক্যারিবীয় সাংবাদিকও নেই। ঢাকা টেস্ট শেষে মিডিয়া ম্যানেজারকেই তাই মুণ্ডিত মস্তক এক খেলোয়াড়ের সাক্ষাৎকার ভিডিওতে ধারণ করে সেটি পাঠানোর বন্দোবস্ত করতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুমের সামনে ওই ‘অস্থায়ী স্টুডিও’তে নেওয়া সাক্ষাৎকারের একটা কথা কানে এল। মুণ্ডিত মস্তক বলছেন, ‘গতি আর বাউন্স দিয়েই ওদের উড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল।’তা দিয়েছেনও। মিরপুরের এই মরা পিচে গতির যে ঝড় তুললেন, সেটি বিরুদ্ধ কন্ডিশনে দুর্দান্ত ফাস্ট বোলিংয়ের এক ডকুমেন্টারি হতে পারে। ওহো, শুধু গতির কথাটা বলা ভুল। সেটি সব সময়ই ছিল। তবে বলের লাইন-লেংথের কোনো বাপ-মা ছিল না। যে কারণে নিজের দেশ বারবাডোজে তাঁর নাম হয়ে গিয়েছিল ‘ডা (দ্য) ওয়াইল্ড থিং!’ গতি আর বাউন্সের সঙ্গে নিশানাও মিলে যাওয়ার আর দিন পেল না!মুণ্ডিত মস্তক ওই ফাস্ট বোলারের নাম টিনো বেস্ট। তবে ঢাকা টেস্টের পঞ্চম দিনে যাঁর পরিচয় একটাই—বাংলাদেশের স্বপ্নের হন্তারক। এই টেস্টের প্রথম দিন থেকেই গ্যালারিতে দর্শকসংখ্যা নজর কেড়েছিল। তবে কাল যেটি হলো, উপমহাদেশে সেটি অভূতপূর্ব। টেস্টের টিকিট চার গুণ দামে কালোবাজারে বিকোল! দুপুর নাগাদ মিরপুরে প্রায় পনেরো হাজার দর্শক। চোখে সবার ইতিহাসের সাক্ষী হওয়ার স্বপ্ন। বেলা সাড়ে তিনটা নাগাদ সেই স্বপ্নের করুণ মৃত্যু হলো। যখন মাহমুদউল্লাহর স্টাম্প এলোমেলো করে দিয়ে বুনো উল্লাসে মেতে উঠলেন টিনো বেস্ট। শেষটা প্রতীকী। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের হাইলাইটও তো মাহমুদউল্লাহ বনাম বেস্ট-ই। চা-বিরতির পর যে দ্বৈরথে টেস্ট ক্রিকেট দেখা দিল তার মহত্তম রূপে। বেশ কবার মাহমুদউল্লাহর গায়ে মারলেন বেস্ট। হুকের ‘বাঘা তেঁতুলে’ বাউন্সারের ‘বুনো ওল’-এর জবাব দিলেন মাহমুদউল্লাহ। ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। কিন্তু ওই ছক্কায় তো স্কোর হলো ৭ উইকেটে ১৫২। ২৪৫-এর মোক্ষধামকে যখন মনে হচ্ছে বেস্টের দেশ বারবাডোজের মতো দূরত্বে।মাহমুদউল্লাহ নামার সময়ই তো বাংলাদেশের ললাটে পরাজয় একরকম লেখা হয়ে গেছে। স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ১০৬। উইকেটে নাসির আছেন, এরপর শুধু তিন বোলার। আগুন ঝরাচ্ছেন টিনো বেস্ট।সোহাগ গাজীর সঙ্গে অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহর ৩৬ রান প্রায় অসম্ভবে পরিণত একটা আশাকে একটু জিইয়ে তুলেছিল। না-ই বা ধরা দিক জয়, সোয়া চার দিন বাংলাদেশ যে খেলাটা খেলল, ম্যাচটা ড্র হলেও তো কিছুটা সুবিচার মেলে। কিন্তু ওই জুটিটা কোমায় চলে যাওয়া বাংলাদেশের ইনিংসটাকে কৃত্রিম ব্যবস্থায় একটু দীর্ঘায়ুই শুধু দিতে পারল।টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ২৪৫ রান খুব সহজ ব্যাপার নয়। তা উইকেট যেমনই থাকুক না কেন। কিছুটা সহজ হয়ে যেত, যেটির পূর্বশর্ত ছিল তামিমের ব্যাটে প্রথম ইনিংসের মতো একটা ঝোড়ো সূচনা। কিন্তু তামিম কি অন্যভাবে খেলতে গিয়েই সর্বনাশটা করলেন! আউট হয়েছেন মারতে গিয়েই। তবে ওই শটটির রহস্য লুকিয়ে এর আগে ১৪ বলে ৫ রানে। ড্যারেন স্যামি তো তা-ই মনে করেন। লাঞ্চের আগে ১৬ ওভারে জুনায়েদকেও হারিয়ে বাংলাদেশ ২ উইকেটে ৪৫। হিসাবটা তখন খুব সোজা। শেষ দুই সেশনে ২০০ রান চাই। হিসাব সোজা হতে পারে, কিন্তু কাজটা একদমই তা নয়। টেস্টে রান আটকানোর হাজারও উপায় মজুদ থাকে ফিল্ডিং অধিনায়কের হাতে। কিন্তু হাতে ৮ উইকেট নিয়ে ড্র তো খুবই সম্ভব। লাঞ্চের পরপরই নাফীস ও সাকিবকে তুলে নিয়ে সেই আলোচনাও থামিয়ে দিলেন বেস্ট। তামিমের কাছে যা প্রত্যাশা ছিল, শুধু সাকিবেরই ক্ষমতা ছিল পাল্টা-আক্রমণের তেমন একটা ইনিংস খেলার। কিন্তু দুর্ভাগ্য তাঁর, এমন একটা বল পেলেন, যাতে টেন্ডুলকার-ক্যালিসদেরও মৃত্যু প্রায় অবধারিতই।প্রেসবক্সে ততক্ষণে আলোচনা শুরু হয়ে গেছে, সোহাগ গাজী বাংলাদেশের ভালো করলেন না খারাপ! ওয়েস্ট ইন্ডিজের বাকি ৪ উইকেট তুলে নিতে সকালে মাত্র পৌনে এক ঘণ্টার মতো লেগেছে। চারটি উইকেটই নিয়েছেন সোহাগ। নিরাপদ থাকতে যেখানে কমপক্ষে তিন শ রানে এগিয়ে থাকার লক্ষ্য ঠিক করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেখানে ২৭৩ রানেই অলআউট হয়ে লিড মাত্র ২৪৪।সোহাগ ভালো করলেন না খারাপ—এই অদ্ভুত আলোচনাটা শুরু হলো বাংলাদেশের জয়ের স্বপ্ন হাওয়ায় মিলিয়ে যাওয়ার পর। ঠিকই তো, সকালে সোহাগ ৫.১-০-১১-৪ স্পেলটা না করলে তো ড্রয়ের জন্য বাংলাদেশকে এতটা সময় টিকে থাকার প্রয়োজন পড়ে না! মুশফিকুর রহিমেরও এমন কিছু মনে হয়েছিল কি না, সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ প্রশ্নটা পর্যন্ত করে ফেললেন!জোড়া সেঞ্চুরিতে ম্যান অব দ্য ম্যাচ কাইরান পাওয়েল। শেষ দিনের নায়ক টিনো বেস্ট। সোহাগ গাজী থেকে গেলেন ‘কাব্যে উপেক্ষিত’ই। অথচ কী বর্ণিল অভিষেকই না হলো এই তরুণের! দ্বিতীয় ইনিংসে তাঁর ৭৪ রানে ৬ উইকেট অভিষেকে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং। সেরা ম্যাচে ২১৯ রানে ৯ উইকেটও।তার পরও শেষ পর্যন্ত একটা দীর্ঘশ্বাসই সঙ্গী হয়ে থাকল সোহাগ গাজীর। যেটি মিশে গেল পুরো দেশের দীর্ঘশ্বাসের সঙ্গে!ওয়েস্ট ইন্ডিজ: ৫২৭/৪ ডি. ও ২৭৩বাংলাদেশ: ৫৫৬ ও ১৬৭ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রানে জয়ী