মিলিটারি একাডেমির পাশেই ছিল লাদেনের আস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত ধারণা ছিল, আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী দুর্গম কোনো পাহাড়ি এলাকায় লুকিয়ে আছেন ওসামা বিন লাদেন। কিন্তু সবাইকে বিস্মিত করে তাঁকে পাওয়া গেল পাকিস্তান মিলিটারি একাডেমির কাছের এক বাড়িতে।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত অ্যাবোটাবাদ শহরের উপকণ্ঠ বিলাল এলাকায় ওই বাড়ি। ক্রমেই অভিজাত হয়ে ওঠা ওই এলাকায় বিশাল জায়গাজুড়ে বাড়িটি নির্মিত হয় ২০০৫ সালে। কনিষ্ঠ স্ত্রীকে নিয়ে সেখানেই অবস্থান করছিলেন আল-কায়েদার প্রধান বিন লাদেন। বাড়িটি যখন নির্মিত হয়, তখন সেটি ছিল রাস্তার একেবারে শেষ প্রান্তে। গত ছয় বছরে এর আশপাশে আরও বাড়ি নির্মিত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা ওই এলাকায় বাড়ি করেছেন।আশপাশের অন্য বাড়িগুলোর তুলনায় ওই বাড়ি আট গুণ বড়। তিনতলা বাড়িটির প্রতিটি অংশে ছিল কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। ছিল বিভিন্ন উচ্চতার নিরাপত্তা প্রাচীর। কোথাও ১০ ফুট, কোথাও ১২, কোথাও ১৩ আবার কোথাও ১৮ ফুট উঁচু প্রাচীর। প্রাচীরের ওপর কাঁটাতারের বেড়া। মূল বাড়ির দুই দিকেও আছে ১১ ও ১২ ফুট উঁচু প্রাচীর। ফটক মূল বাড়ি ও পাশের দেয়ালঘেরা ফাঁকা জায়গার মাঝখানে। ওই ফটকের উল্টোদিকেও আছে আরেকটি ফটক। বাড়ির ছাদে রয়েছে পর্যবেক্ষণ খুপরি। প্রতিবেশীদের মতো ওই বাড়ির বাসিন্দারা আবর্জনা বাইরে ফেলতেন না, পুড়িয়ে ফেলতেন দেয়ালঘেরা ফাঁকা জায়গায়। অর্থাৎ নিরাপত্তার কোনো কমতি ছিল না।মার্কিন কর্মকর্তারা জানান, বাড়ির বাইরের দিকে বেশ কয়েকটি জানালা আছে। ভেতরে চলাচলের জন্য যে পথ, সেখানে আছে সাত ফুট উঁচু আরেকটি দেয়াল। তবে আশ্চর্যের বিষয় হলো, বাড়িটিতে কোনো টেলিফোন নেই। নেই ইন্টারনেট সংযোগও। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, বাড়িটির দাম হবে ১০ লাখ মার্কিন ডলার। এর মালিক দুই ভাই। তবে তাঁদের উল্লেখ করার মতো আয়ের কোনো উৎস জানা যায়নি।মার্কিন কর্মকর্তারা জানান, ২০০১ সালের সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় আটক ব্যক্তিরা ওসামার বিশ্বস্ত এক বার্তাবাহকের বিষয়ে তথ্য দেন। ওই ব্যক্তির ওপর চার বছরেরও বেশি সময় ধরে নজরদারি করেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তাঁরা গত বছরের আগস্টে আবিষ্কার করেন, ওই বার্তাবাহক ও তাঁর ভাই এবং তাঁদের পরিবার ওই বাড়িতে বাস করছেন। বাড়িটির ওপর নজরদারি করে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা হয়, বাড়িটিতে এই দুই পরিবার ছাড়া আরও একটি পরিবার বাস করে। একপর্যায়ে তাঁদের নিশ্চিত ধারণা জন্মে, তৃতীয় পরিবারটি ওসামা বিন লাদেনের। কনিষ্ঠ স্ত্রীকে নিয়ে লাদেন বসবাস করছেন। লাদেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই সেখানে অভিযানের পরিকল্পনা করে মার্কিন বাহিনী। অ্যাবোটাবাদ পাকিস্তানের অন্যতম গ্রীষ্মকালীন অবকাশযাপন কেন্দ্র। অবস্থান পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কাছে। এর চারপাশে সবুজ পাহাড়। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে লড়াইরত বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ শিবির এই শহরের কাছেই। রয়টার্স।