মিল্ক ভিটায় ৬ লাখ টাকা আত্মসাত্, অনিয়ম-অবহেলায় বরখাস্ত চার
দেশের বৃহত্তম দুগ্ধ উত্পাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার সোয়া ছয় লাখ টাকা আত্মসাতের অপরাধে আজ মঙ্গলবার দুই কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন নজরুল ইসলাম ও বায়তুল হোসেন। গাজীপুরের শ্রীপুর কারখানায় এ আর্থিক অনিয়ম ধরা পড়লে ওই দুজনকে তাত্ক্ষণিক বরখাস্তের আদেশ দেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুনীর চৌধুরী। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এ নিয়ে গত দুদিনে দুর্নীতি ও কর্তব্যে অবহেলার দায়ে চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হলো। এদিকে মানিকগঞ্জ দুগ্ধ কারখানায় অনিয়মের দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দুজনকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রাজধানী মিরপুরে ঢাকা ডেইরি প্লান্টে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গত এক মাসে মোট ৩০ জন শ্রমিকের বেতন কাটা হয়েছে।মুনীর চৌধুরী জানান, মিল্ক ভিটায় বিশৃঙ্খলা ও দুর্নীতির জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিষ্ঠানের উত্পাদন ও মুনাফা বৃদ্ধি এবং দুর্নীতি হ্রাসে কঠোর প্রয়াস চলছে। দুগ্ধ উত্পাদন ও বিতরণে মিল্ক ভিটা এখনো দেশের সেরা প্রতিষ্ঠান।