মিল্ক ভিটার নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ছিনতাই
পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা উচ্চবিদ্যালয়ে মিল্ক ভিটার একটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ছিনতাই ও একজন কর্মকর্তাকে অবরুদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার মিল্ক ভিটার সিরাজগঞ্জের বাঘাবাড়ী দুগ্ধ কারখানার আওতাধীন একটি সমিতির কৃত্রিম প্রজনন সহকারীর ২০টি পদে নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। প্রশ্নপত্র ছিনতাইয়ের পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।মিল্ক ভিটার চাকরিচ্যুত শ্রমিকেরা অভিযোগ করেন, টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য গোপনে পরীক্ষা নেওয়া হচ্ছিল। তবে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাছিম উদ্দীন আহমেদ দাবি করেন, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, গতকাল সকালে মিল্ক ভিটার আওতাধীন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির জন্য কৃত্রিম প্রজনন সহকারী পদে নিয়োগের জন্য সিলন্দা উচ্চবিদ্যালয়ে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষা গোপনে নেওয়া হচ্ছে এবং জনপ্রতি আড়াই লাখ টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মিল্ক ভিটার চাকরিচ্যুত শ্রমিকেরা গতকাল পরীক্ষা শুরুর আগ মুহূর্তে ওই বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় মিল্ক ভিটার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকেরা মিল্ক ভিটার পরিচালক মো. রইচ উদ্দীনকে সেখানে অবরুদ্ধ করেন। এ সময় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। শ্রমিকেরা তাঁকে জোর করে বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানায় নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মিল্ক ভিটার চাকরিচ্যুত কর্মচারী সামিউল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা চাকরিচ্যুত হয়ে আছি। আমাদের চাকরি না দিয়ে টাকার বিনিময়ে গোপনে পরীক্ষা নিয়ে অন্যদের চাকরি দেওয়ার পাঁয়তারা চলছে।’ তিনি বলেন, ‘বিষয়টি স্থানীয় সাংসদ চয়ন ইসলামকে জানানোর পর তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আমরা মিল্ক ভিটা কারখানা থেকে চলে আসি।’নাম প্রকাশে অনিচ্ছুক মিল্ক ভিটার একটি সূত্র জানায়, কৃত্রিম প্রজনন সহকারী পদে মিল্ক ভিটায় এখনো ১৭২ জন কর্মরত রয়েছেন। কর্মকর্তারা নিয়োগ-বাণিজ্য করার জন্য এই পদে গোপনে পরীক্ষা নিচ্ছিলেন।পরীক্ষাকেন্দ্রে উপস্থিত মিল্ক ভিটা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান জানান, নিয়মমাফিক কৃত্রিম প্রজনন সহকারীর ২০টি পদে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পরীক্ষায় অংশ নিতে ৭৭ জন প্রার্থী হাজির হন। কিন্তু মিল্ক ভিটার চাকরিচ্যুতসহ অন্যরা মিলে প্রশ্নপত্র ছিনতাই ও পরিচালক রইচ উদ্দীনকে ধরে কারখানায় নিয়ে যান। এ কারণে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাছিম উদ্দীন আহমেদ বলেন, ‘শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে পরীক্ষায় বাধা দেওয়া ঠিক হয়নি।’ পরীক্ষা কেন বাইরে নেওয়ার ব্যবস্থা করা হয়—জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’বাঘাবাড়ী মিল্ক ভিটার ব্যবস্থাপক (সমিতি) ইদ্রিছ আলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাকরিচ্যুত সামিউল হক, জুলমত ও জাকিরসহ কয়েকজনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় অভিযোগ করা হয়েছে। সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশীদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।