বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার মহাব্যবস্থাপককে (জিএম) অপসারণ, সমবায়ীদের দুধের দাম বাড়ানো এবং মিল্ক ভিটা সমবায়ী ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন মিল্ক ভিটার সমবায়ীরা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় দুধ পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তাঁরা। গতকাল সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে মিল্ক ভিটা দুগ্ধ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। অসংখ্য যানবাহন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অবরোধের আগে সমবায়ীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মিল্ক ভিটা থেকে ঢাকায় দুধ পরিবহন বন্ধ থাকে। অবরোধ উঠে যাওয়ার পর ঢাকায় দুধ পাঠানো হয়।সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর আসনের আওয়ামী লীগের সাংসদ চয়ন ইসলাম। দাবি আদায়ের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। পরে তিনি সমবায়ীদের পক্ষ থেকে তিন দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেন।উল্লাপাড়া আসনের আওয়ামী লীগের সাংসদ মো. শফিকুল ইসলাম বলেন, ‘তিন দফা দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কোনো ব্যক্তিস্বার্থে নয়, মানুষের স্বার্থেই এই আন্দোলন। আন্দোলন সফল করতে প্রয়োজনে বাস মিছিল করে মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান ধর্মঘট করব।’শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমান বলেন, ‘মিল্ক ভিটা সমবায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। এর বিপরীত চিন্তা করলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মিল্ক ভিটাকে ধ্বংস করতে বর্তমান জিএম উঠেপড়ে লেগেছেন। এই সম্পদ অবশ্যই রক্ষা করতে হবে।’সমাবেশে আরও বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক, হাসিব খান প্রমুখ।এ বিষয়ে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাসিম উদ্দীন আহমেদ বলেন, ‘মিল্ক ভিটায় অনিয়ম ও বিধিবহির্ভূত কাজ বন্ধ করায় একশ্রেণীর সুবিধাবাদী লোক অসত্য তথ্য দিয়ে সমবায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচন এবং দুধের দাম বাড়ানোর ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’ তিনি দাবি করেন, তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পর এক বছরে মিল্ক ভিটার ১৬ কোটি টাকা লাভ হয়েছে, যা গত ১০ বছরে হয়নি।