মিল্ক ভিটায় নিয়োগ-নাটক!
মিল্ক ভিটার চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছেন প্রতিষ্ঠানটির সিবিএ নেতারা। মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটিকে জিম্মি করে তাঁরা এ বিষয়ে ‘সমঝোতা চুক্তি’ও সই করিয়ে নিয়েছেন। এ ঘটনা ঘটেছে গত রোববার।এর আগে অবশ্য ব্যবস্থাপনা কমিটির সভায় দিনভর উত্তেজনা ছড়িয়েছেন সিবিএ নেতারা। চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের নিয়ে জোর করে সভাকক্ষে প্রবেশ, স্লোগান দেওয়া, সরকার মনোনীত পরিচালককে প্রহার করার হুমকি দেওয়া, দরজা-জানালায় লাথি মারা এবং মিল্ক ভিটার মূল ফটকে তালা লাগানোর মতো ঘটনাও ঘটান তাঁরা। পরে সিবিএ নেতাদের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাসিব খান।মিল্ক ভিটার স্বার্থে কোনো ধরনের শ্রমিক-কর্মচারী নিয়োগ না করতে গত ৪ জুলাই নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সিদ্ধান্ত বাস্তবায়নে এই মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরের নিবন্ধককে অনুরোধও করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই শ্রমিক-কর্মচারীদের নিয়োগ দিতে তোড়জোড় শুরু করে মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। গত ২ আগস্ট বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালের জন্য একটি পর্যালোচনা কমিটিও গঠন করে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগে ওই সময় মিল্ক ভিটার ৫৭৬ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছিল।অভিযোগ উঠেছে, ইতিমধ্যে চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বহালের উদ্যোগকে কেন্দ্র করে অর্থ লেনদেনও হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভায় সিবিএ নেতাদের বিশৃঙ্খলা প্রসঙ্গে জানতে চাইলে হাসিব খান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘কই না তো? এমন কিছু হয়নি।’ পরে ফোন দেওয়ার কথা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সিবিএ নেতারা তাঁদের দাবি-দাওয়া জানাতে এসে একটু গন্ডগোল করেছিলেন।’ সমঝোতা চুক্তি সইয়ের বিষয়ে বলেন, ‘সমঝোতা চুক্তি আসলে কিছুই না।’ সিবিএ নেতাদের দিয়ে ব্যবস্থাপনা কমিটিই ওই গন্ডগোল করিয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এ অভিযোগ একদমই সত্য নয়।’মিল্ক ভিটা একটি সমবায় সমিতিভিত্তিক প্রতিষ্ঠান। বর্তমানে এর ৬৩ শতাংশ মালিকানা সরকারের, ৩৭ শতাংশ সমবায়ীদের হাতে।সেদিনের সভা: তেজগাঁওয়ে মিল্কভিটার কার্যালয়ে বেলা ১১টায় রোববার ব্যবস্থাপনা কমিটির সভা শুরু হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, শুরুতে পবিত্র রমজানে বাড়তি কাজের জন্য বিশেষ ভাতা দাবির বিষয়টি কেন আলোচ্যসূচিতে রাখা হয়নি, এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছিল। এ সময় মিল্ক ভিটার সিবিএ সভাপতি জাহাঙ্গীর আলমের (মজনু) নেতৃত্বে ৫০-৬০ জন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারী সভায় ঢুকে পড়েন এবং চাকরির দাবিতে স্লোগান দেন।ওই সূত্রগুলো জানায়, জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিচালনা পর্ষদের গত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো যেন হুবহু অনুমোদন করা হয়। নইলে অসুবিধা হবে।’মিল্ক ভিটার নথি অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে করা চাকরিচ্যুত ব্যক্তিদের আবেদন ও এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং গত ১৮ ও ১৯ জুলাই মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বহাল করতে পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।তবে ব্যবস্থাপনা কমিটির ওই সভায় পর্যালোচনা কমিটি গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছিল না। তাই এই পর্যালোচনা কমিটির অনুমোদন রোববারের সভায় নিতে গেলে বাতিল হয়ে যাবে, এ আশঙ্কা থেকেই সিবিএ নেতারা আগের সভার হুবহু অনুমোদন দাবি করেছেন বলে সভার একটি সূত্র জানায়।সূত্র জানায়, মন্ত্রণালয়ের প্রতিনিধি সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোমিনুল হক তালুকদার এ সময় জাহাঙ্গীর আলমের উদ্দেশে বলেন, ‘আপনারা হুবহু সিদ্ধান্ত অনুমোদনের দাবি করছেন। আপনাদের সুনির্দিষ্ট দাবি কী?’ এরপরই সিবিএ নেতা ও চাকরিচ্যুত ব্যক্তিরা চিৎকার শুরু করেন এবং মারধরের হুমকি দিয়ে স্লোগান দেন। একপর্যায়ে মোমিনুল হক বলেন, ‘আপনারা কি আমাদের মারবেন নাকি?’ এ সময় এক সিবিএ নেতা উত্তেজিত হয়ে বলেন, ‘প্রয়োজন হলে অবশ্যই মারব।’ সভা সূত্র জানায়, এ সময় ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান ওঠে দাঁড়িয়ে তাঁদের কক্ষ থেকে বের করে দিতে উদ্যত হন। কক্ষে উপস্থিত এক অফিস সহকারী দরজা বন্ধ করে দিতে গেলে তাঁকে কক্ষের ভেতরই মারধর করেন সিবিএ নেতা-কর্মী ও চাকরিচ্যুত ব্যক্তিরা। পরে কক্ষ থেকে বের হয়ে দরজা-জানালায় লাথি মারেন তাঁরা। এ সময় মিল্ক ভিটা কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।পরে শফিকুর রহমান সিবিএর চারজন প্রতিনিধিকে আলোচনার জন্য নিয়ে আসেন। সিবিএ নেতারা বলেন, চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি এলেও আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না? এ সময় মিল্ক ভিটার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাঁদের বলেন, একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন দেবে। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আলোচনা করে বিষয়টির মীমাংসা করতে সিরাজগঞ্জের সাংসদ চয়ন ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।সূত্র জানায়, এ সময় সিবিএ প্রতিনিধিরা বলেন, ‘আমরা মন্ত্রী-সচিব বুঝি না। ব্যবস্থাপনা কমিটি চাকরিচ্যুত করেছে, তাদেরই চাকরি ফিরিয়ে দিতে হবে।’ এরপর তাঁরা নিজেদের মধ্যে আরও আলোচনার জন্য বাইরে যান। শফিকুর রহমান কয়েক দফা গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। বিকেল চারটার দিকে তাঁরা ফিরে এসে বলেন, ‘আপনাদের মুখের কথা আমরা বিশ্বাস করি না। অনেক দিন ধরেই বলছেন, চাকরি দেবেন। কিন্তু দিচ্ছেন না। এখনই ব্যবস্থাপনা কমিটি ও সিবিএর মধ্যে চুক্তি সই করতে হবে।’ মিল্ক ভিটার চেয়ারম্যান তাতে রাজি হয়ে ‘সমঝোতা চুক্তি’ সই করেন।সমঝোতা চুক্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বহাল করা যাচ্ছে না। কয়েক দিন আগে মিল্ক ভিটার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাংসদ চয়ন ইসলাম প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি পুনর্নিয়োগের যথার্থতা যাচাই করে একটি প্রতিবেদন দিতে বলেছেন। ওই প্রতিবেদন থেকে পাওয়া সিদ্ধান্তের আলোকে চাকরি পুনর্বহালের পত্র দেওয়া হবে।নথিপত্রে দেখা যায়, চাকরিতে পুনর্বহালের জন্য প্রধানমন্ত্রীর কাছে কয়েকজন শ্রমিক-কর্মচারীর করা আবেদনে দাবি করা হয়েছে, চারদলীয় জোট সরকারের সময় তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু তাঁদের চাকরিচ্যুত করা হয় গত তত্ত্বাবধায়ক সরকারের সময়।সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোমিনুল হক তালুকদার গতকাল সোমবার সকালে সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছেন। জানতে চাইলে মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সমবায় অধিদপ্তরকে পুরো ঘটনা সম্পর্কে প্রতিবেদন দিতে বলেছি।’মোমিনুল হক তালুকদার পুরো ঘটনার একটি লিখিত বিবরণ গতকাল বিকেলে ফ্যাক্সযোগে সচিবের কাছে পাঠিয়েছেন জানিয়েছেন।