মিল্ক ভিটায় ১০ মাসে ১০ কোটি টাকার অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০ মাসে মিল্ক ভিটায় ১০ কোটি এক লাখ ২৮ হাজার টাকার অনিয়ম হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এমন প্রমাণ পেয়েছে। এই অর্থ মিল্ক ভিটার এক অর্থবছরের মোট বাজেটের সমান।মিল্ক ভিটা পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাসিব খান একাই ১০ কোটি ৮৫ হাজার টাকার অনিয়মের জন্য দায়ী বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও বিধিবহির্ভূত কাজের মাধ্যমে এ অনিয়ম করা হয়েছে।মিল্ক ভিটার দুধের দাম বাড়ানো নিয়ে গত বছরের ২৯ মে প্রথম আলোয় ‘এক লিটার দুধের দাম কত?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। ওই কমিটির তদন্তেই বেরিয়ে আসে নানা অনিয়মের তথ্য। কমিটি অযৌক্তিকভাবে একক সিদ্ধান্তে তরল দুধের দাম বাড়ানোর জন্য চেয়ারম্যান হাসিব খানকে দায়ী করেছে। কমিটি বলেছে, নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন কমেছে, কিন্তু ব্যয় বেড়েছে, বেড়েছে বাজেটবহির্ভূত ব্যয়ও। পাওয়া গেছে একই বিল দুবার পরিশোধ করার নজির। বেশি দামে পণ্য কেনা, অর্থের বিনিময়ে নিয়োগ, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কর্মকর্তাদের অগ্রিম দেওয়ার নামে প্রতিষ্ঠানের ক্ষতি করা, অতিরিক্ত ব্যয়ে দুধ সংগ্রহ, আত্মসাৎ করা অর্থ আদায়ে গাফিলতি, বাকিতে পণ্য বিক্রির মতো অনিয়ম ধরা পড়েছে তদন্তে। মিল্ক ভিটার চেয়ারম্যানসহ দু-একজন কর্মকর্তা নিজেদের স্বার্থে সিবিএকে ব্যবহার করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়।দুধের দাম বাড়িয়েছেন চেয়ারম্যান: প্রতিবেদনে বলা হয়, মিল্ক ভিটার আইন অনুযায়ী, ব্যবসাসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ব্যবস্থাপনা কমিটিতে আগে অনুমোদন করাতে হয়। কিন্তু হাসিব খান স্বপ্রণোদিত হয়ে দুধের বিক্রয়মূল্য বাড়িয়েছেন।সমবায় সমিতির বিধিমালা অনুযায়ী, স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্তের জন্য উপকমিটি গঠন করতে হয়। কিন্তু দাম বাড়ানোর মতো স্পর্শকাতর বিষয়ে এ ধরনের কোনো কমিটি করা হয়নি। আবার মিল্ক ভিটার ৬৫ শতাংশ মালিকানা থাকার পরও দুধের দাম বাড়ানোর ক্ষেত্রে সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা সচিব কারও সঙ্গে আলোচনা করা হয়নি।মিল্ক ভিটা কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে বলেছে, সমবায়ীদের কাছ থেকে দুধের ক্রয়মূল্য লিটারে এক টাকা বাড়ানোর কারণেই বিক্রয়মূল্যও বাড়াতে হয়েছে। কিন্তু তদন্তে দেখা গেছে, দুধের ক্রয়মূল্য বাড়ানো হয়েছে বিক্রয়মূল্য বাড়ানোর পরে।তদন্ত কমিটি বলেছে, বিভিন্ন ধরনের অনিয়মের কারণে মিল্ক ভিটার সামগ্রিক ব্যয় অনেক বেড়ে গেছে। পাঁচটি খাতে এমন ব্যয়ের পরিমাণ অন্তত নয় কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৫৪ টাকা। এই ব্যয় না হলে প্রতি লিটার দুধে মুনাফা হতো এক টাকা ৮৪ পয়সা।উৎপাদন কমেছে, ব্যয় বেড়েছে: প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ১০ মাসে মিল্ক ভিটায় তরল দুধ উৎপাদিত হয় পাঁচ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ২৭১ লিটার। আগের বছরের একই সময়ে দুধ উৎপাদিত হয়েছিল পাঁচ কোটি ৮৭ লাখ ৬১ হাজার লিটার।আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির সামগ্রিক উৎপাদন ব্যয় হয়েছে নয় কোটি ১৮ লাখ ৯৬ হাজার টাকা। আগের বছরের একই সময়ের ব্যয় ছিল ছয় কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকা।অর্থাৎ, আগের বছরের তুলনায় মিল্ক ভিটায় দুধের উৎপাদন যেখানে ২৩ লাখ ৮২ হাজার ৭২৯ লিটার কমেছে, সেখানে ব্যয় বেড়েছে দুই কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকা।তদন্ত প্রতিবেদনে বলা হয়, সমবায় অধিদপ্তরের নিবন্ধক বাজেট অনুমোদন না করলেও ওই দুই অর্থবছরে মিল্ক ভিটা কর্তৃপক্ষ উৎপাদন খাতে মোট পাঁচ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় করেছে। নিবন্ধকের অনুমোদনহীন খাতে অর্থ ব্যয় করে মিল্ক ভিটার চেয়ারম্যান প্রতিষ্ঠানের মূলধন অবক্ষয় করেছেন।বাজেটবহির্ভূত ব্যয়: অধিদপ্তরের নিবন্ধক ২০১১-১২ অর্থবছরে মিল্ক ভিটার জন্য ১০ কোটি ২৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেন। কিন্তু প্রতিষ্ঠানটি ১০ মাসেই ব্যয় করেছে ১৭ কোটি ৭১ লাখ ১৩ হাজার টাকা।এই তথ্য উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দৈনিক ভিত্তিতে শ্রমিকের মজুরি খাতে এক কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা, কর্মচারীদের অতিরিক্ত কাজের মজুরি ৯৩ লাখ ৮৮ হাজার টাকা, উৎপাদন (এক্স গ্রেশিয়া) খাতে দুই কোটি ৩৫ লাখ সাত হাজার টাকা বেড়েছে।তদন্ত কমিটি মনে করে, এসব অনিয়মতান্ত্রিক ও বিধিবহির্ভূত ব্যয় না হলে তরল দুধের উৎপাদন ব্যয় এবং দাম দুটোই আরও কমানো সম্ভব হতো।এক বিল দুবার পরিশোধ: ২০০৯-১০ অর্থবছরে মিল্ক ভিটার চারটি গাড়ির জন্য চার জোড়া টায়ার-টিউব কিনতে রহিমআফরোজকে এক লাখ ৭৬ হাজার ২৪০ টাকা পরিশোধ করা হয়। ২০১১-১২ অর্থবছরে ওই বিলের অর্থ আবারও পরিশোধ করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নথি প্রক্রিয়াকরণের মাধ্যমে মিল্ক ভিটার চেয়ারম্যান ওই অর্থ আত্মসাৎ করেছেন।বেশি দামে পণ্য কেনা: প্রতিবেদন অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে মিল্ক ভিটার মতোই দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ জনতা কেমিক্যালসের কাছ থেকে নাইট্রিক অ্যাসিড কিনেছে ৬০ ও ৬১ টাকা কেজি দরে। কিন্তু একই সময়ে একই প্রতিষ্ঠানের কাছ থেকে মিল্ক ভিটা কর্তৃপক্ষ নাইট্রিক অ্যাসিড কিনেছে ৭০ টাকা কেজি দরে। এ কারণে মিল্ক ভিটার দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকা ক্ষতি হয়েছে।আবার প্রাণ গ্রুপ দরপত্রের মাধ্যমে প্রতি কেজি ইথাইল অ্যালকোহল কিনেছে ২৪৩ টাকা ৯০ পয়সা দরে। আর মিল্ক ভিটা কর্তৃপক্ষ কেনে ৪৩৭ টাকা ৫০ পয়সা দরে। এতে প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে এক লাখ ৯৩ হাজার টাকা।অর্থের বিনিময়ে নিয়োগ: তদন্ত কমিটি বলেছে, বিধিবিধান উপেক্ষা করে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ এবং কিছুদিন পর পর তাঁদের স্থায়ী করা হয়। অর্থ লেনদেনের মাধ্যমেই এসব হয়ে থাকে। মিল্ক ভিটার চেয়ারম্যান প্রায়ই ব্যবস্থাপনা কমিটিকে উপেক্ষা করে বিধিবহির্ভূত এসব সিদ্ধান্ত নেন।প্রতিবেদন অনুযায়ী, মিল্ক ভিটায় বিভিন্ন পদের বিপরীতে অতিরিক্ত জনবল কর্মরত আছেন। এ জন্য ১০ মাসে প্রতিষ্ঠানটির এক কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ৬১০ টাকা অনিয়মতান্ত্রিকভাবে ব্যয় করা হয়েছে। আর পুরো বছরে ব্যয় হবে এক কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা।কমিটি তার পর্যবেক্ষণে বলছে, দুধের দাম বাড়ানোর ক্ষেত্রে এসব অনিয়মতান্ত্রিক ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়। অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে একদিকে প্রতিষ্ঠানের মূলধন অবক্ষয় হয়েছে, আবার আর্থিক ক্ষতিও হয়েছে।অগ্রিম দেওয়ার নামে ক্ষতি: প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত মিল্ক ভিটার ১০৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বেতনের বিপরীতে ৮০ লাখ ছয় হাজার ৯৭৭ টাকা এবং ব্যবস্থাপনা কমিটির ১০ সদস্যকে ৭২ লাখ ৪১ হাজার ৮৮২ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। সদস্যদের অগ্রিম পরবর্তী সময়ে সম্মানী হিসেবে সমন্বয় করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, বেতনের বিপরীতে অগ্রিম দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি। আগের অগ্রিম আদায় হওয়ার আগেই একই ব্যক্তিকে আবার অগ্রিম অর্থ দেওয়া হয়েছে। এসবই চেয়ারম্যানের অনুমোদনে হয়েছে।দৈনন্দিন কাজের জন্য উপকমিটি: আইন অনুযায়ী, বিশেষ কাজের জন্য মিল্ক ভিটা উপকমিটি গঠন করতে পারে। এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তরের নিবন্ধকের অনুমোদন নিতে হয়। কিন্তু অনুমোদন ছাড়াই দৈনন্দিন কাজের জন্য মিল্ক ভিটা কর্তৃপক্ষ ১৪টি উপকমিটি গঠন করে। এসব কমিটির আহ্বায়ক ও সদস্যদের সম্মানী এবং সভা অনুষ্ঠানে ব্যয় হয়েছে মোট ২৮ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা। এর মধ্যে একটি কমিটির ব্যয়ের তথ্য মিল্ক ভিটা তদন্ত কমিটিকে সরবরাহ করেনি।অতিরিক্ত ব্যয়ে দুধ সংগ্রহ: ১০ মাসে মিল্ক ভিটার নাটোর প্লান্টের জন্য ১২০ কিলোমিটার দূরবর্তী চাঁপাইনবাবগঞ্জের ব্যক্তিমালিকানাধীন মাদার মিল্ক থেকে প্রতিদিন ছয় হাজার লিটার দুধ সংগ্রহের শর্তে প্রতিষ্ঠানটিকে সাড়ে ছয় টাকা করে পরিবহন ব্যয় দেওয়া হয়। অথচ নাটোর প্লান্টের প্রতিদিনের দুধের ধারণক্ষমতাই পাঁচ হাজার লিটার।পরিবহন ব্যয় ছয় টাকা ৩০ পয়সা নির্ধারণ করে মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক মোশাররফ হোসেন সুপারিশ করলে তা যাচাই-বাছাই ছাড়া ওইদিনই চেয়ারম্যান সাড়ে ছয় টাকা নির্ধারণ করে চিঠি ইস্যু করেন। যদিও দুধ সংগ্রহের ক্ষেত্রে মিল্ক ভিটা প্রাথমিক সদস্যদের প্রতি লিটারে এক টাকা ৮৫ পয়সা থেকে সর্বোচ্চ আড়াই টাকা পরিবহন ব্যয় দেয়।প্রতিদিন ছয় হাজার লিটার দুধ সরবরাহের কথা থাকলেও মাদার মিল্ক করেছে গড়ে এক হাজার ৪৬১ লিটার। তার পরও সাড়ে ছয় টাকা হারে প্রতিষ্ঠানটিকে মোট ২৮ লাখ ৫০ হাজার ২৮৯ টাকা পরিবহন ব্যয় পরিশোধ করেছে মিল্ক ভিটা।আত্মসাৎ করা অর্থ আদায়ে গাফিলতি: মিল্ক ভিটার মিরপুরের দুগ্ধ কারখানার বিক্রয়কেন্দ্রের তত্ত্বাবধায়ক খায়রুল ইসলাম আলমাঝি বিভিন্ন সময়ে ৪২ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে মিল্ক ভিটা একটি মামলা করলেও প্রচলিত চাকরিবিধির আওতায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এ বিষয়ের নথি চাইলে মিল্ক ভিটার চেয়ারম্যানের নির্দেশে তা তদন্ত কমিটিতে দেওয়া হয়নি।বাকিতে পণ্য বিক্রি: নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ কিংবা পে-অর্ডার কিংবা ডিডির মাধ্যমে জামানতের বিপরীতে পণ্য বিক্রয় করার কথা। কিন্তু তা না করে মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান ও সাবেক মহাব্যবস্থাপক আলতাফ হোসেনের অনুমোদনে ১০টি প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন সময়ে এক কোটি ৩৭ লাখ ৬৮৮ টাকার তরল দুধ ও দুগ্ধজাত পণ্য বাকিতে বিক্রয় করা হয়। এদের কাছ থেকে জামানত নেওয়া হয়েছে মাত্র ১৩ লাখ টাকা।সিবিএকে নিজেদের স্বার্থে ব্যবহার: প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটি মিল্ক ভিটায় স্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। এতে সিবিএর নেতাদের দৌরাত্ম্য, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলাদলি ও প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে অব্যবস্থাপনা বিরাজ করছে।আবার মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান ও ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান, উপমহাব্যবস্থাপক মোশাররফ হোসেন, ছিদ্দিকুর রহমান, মো. সাখাওয়াত হোসেন এবং উপব্যবস্থাপক বিদ্যুৎ কুমার মণ্ডল অনেক ক্ষেত্রে নিজ স্বার্থ হাসিলে সিবিএকে ব্যবহার করেছেন।আরও যাঁরা দায়ী: এসব অনিয়মের জন্য তদন্ত প্রতিবেদনে মিল্ক ভিটার চেয়ারম্যান ছাড়াও কয়েকজনকে দায়ী করা হয়েছে। অবৈধভাবে তিন হাজার কেজি কোকো পাউডার কেনা এবং পরবর্তী সময়ে এক হাজার ৫০০ কেজি নিয়মিত করার সঙ্গে জড়িত উপমহাব্যবস্থাপক ছিদ্দিকুর রহমান, অগ্রিম নেওয়া ৪৩ হাজার ৮০০ টাকা সমন্বয় না করার জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্য দিবস চন্দ্র ঘোষ, একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ২১ লাখ ৭০ হাজার ৬০৪ টাকা অতিরিক্ত পরিবহন ব্যয় পরিশোধ করায় চেয়ারম্যানের সঙ্গে যৌথভাবে উপমহাব্যবস্থাপক মোশাররফকেও দায়ী করে কমিটি।উল্লিখিত অনিয়মের বিষয়ে বক্তব্য জানার জন্য হাসিব খানের দুটি মুঠোফোনে কয়েক দিনে অন্তত ২০ বার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।