মিল্কভিটার এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বাজার ব্যবস্থাপনায় অনিয়ম ও ব্যর্থতার অভিযোগে মিল্কভিটার বাজার ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা বিদ্যুত্ কুমার মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে মিল্কভিটার বিপণন ব্যবস্থাপনা-সম্পর্কিত এক বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বরখাস্তের আদেশ দেন। বৈঠকে এক পরিবেশকের অভিযোগের ভিত্তিতে বিদ্যুত্ কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়।প্রতিমন্ত্রীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, সমবায় নিবন্ধক সুরাইয়া বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠকে মিল্কভিটার বিপণনব্যবস্থার গুণগত উত্তরণে ২৬ এপ্রিল পুনরায় বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে মিল্কভিটা বিষয়ে কর্মপরিকল্পনা জমা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়।বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, মিল্কভিটার দুর্নীতি দূর করেতে সরকার বদ্ধপরিকর। মিল্কভিটা নিয়ে সংসদীয় কমিটি যে সুপারিশ করেছে তা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে একটি নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের অনুরোধ জানান প্রতিমন্ত্রী ।