মিল্কভিটার কর্মকর্তাদের কর্মবিরতি
সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে মিল্কভিটা কারখানার উপমহাব্যবস্থাপকের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ দুগ্ধ উত্পাদন সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) তেজগাঁও ও বাঘাবাড়ী কারখানার কর্মকর্তারা ।তেজগাঁও মিল্কভিটা কারখানার কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কারখানায় চুত্তিভিত্তিক ৪০০ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এসে ওই শ্রমিকদের কারখানার বোঝা মনে করে চাকরিচ্যুত করে। বর্তমানে কারখানার একটি চক্র চাকরিচ্যুত ওই শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কারখানার কর্মকর্তারা সেটা চাইছে না। এ ইস্যুতে বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সোমবার বাঘাবাড়ী কারখানার উপমহাব্যবস্থাপক খন্দকার আমিনুল ইসলামের ওপর হামলা চালায়।এ ঘটনার প্রতিবাদে আজ মিল্কভিটার তেজগাঁও ও বাঘাবাড়ী কারখানার কর্মকর্তারা কর্মবিরতি পালন করছে।তেজগাঁও কারখানার একজন উপমহাব্যবস্থাপক প্রথম আলোকে জানান, কর্মকর্তারা সবাই কাজ বন্ধ করে কারখানার মহাব্যবস্থাপকের কক্ষে বসে আছে। তারা এ হামলার সুষ্ঠু বিচার চায়। সিরাজগঞ্জ: বাঘাবাড়ী কারখানা সূত্রে জানা যায়, চাকরিচ্যুত শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়া না হলে বাঘাবাড়ী থেকে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। তাই আজ বাঘাবাড়ী কারখানায় প্রাথমিক দুগ্ধ সমিতির কাছ থেকে দুধ সংগ্রহ করা হয়নি।