মিল্কভিটার জিএমকে অপসারণ করলে পাল্টা হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) মহাব্যবস্থাপককে (জিএম) অপসারণ করলে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সমবায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে মিল্কভিটার মিতালী বাজারস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এ হুমকি দেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষুব্ধ সমবায়ীরা মিল্কভিটা কার্যালয়ের সামনে অবস্থান নেন।জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীর মিল্কভিটার সমবায়ীরা জিএম নাসিম আহমেদের অপসারণসহ তিন দফা দাবিতে আল্টিমেটাম দিলে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সমবায়ী দুগ্ধ খামারিরা।সংবাদ সম্মেলনে উত্তর উদমারা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আমিন হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রী মহল মিল্কভিটাকে ধ্বংসের চক্রান্ত করছে। বর্তমান জিএম নাসিম আহমেদ মিল্কভিটায় যোগদানের পর ২০০৯-১০ অর্থবছরে ১৬ কোটি টাকা মুনাফা হয়েছে। চক্রটি এখন মিল্কভিটাকে লুটপাট করতে না পেরে জিএমের অযৌক্তিক অপসারণ দাবি করছে। ওই চক্রের দাবির মুখে যদি জিএমকে অপসারণ করা হয়, তাহলে রায়পুরের সমবায়ীরা মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দেবেন।মধ্য চরকাচিয়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন গাজী বলেন, ‘বিগত দিনে মিল্কভিটা ছিল একটি অলাভজনক প্রতিষ্ঠান। এ জন্য সমবায়ীরা কোনো উপকার পাননি। গত ১০ বছরে ১৬ কোটি টাকা লাভ করতে পারেনি মিল্কভিটা। কিন্তু বর্তমান জিএম আসার পর তা সম্ভব হয়েছে। আমরা দুধের দাম বাড়ানোর দাবির পক্ষে আছি। কিন্তু জিএমের অযৌক্তিক অপসারণ দাবির বিপক্ষে।’