মিল্কভিটার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও পাবনার দুগ্ধ খামারিরা দুধ সরবরাহ বন্ধ রাখলেও মিল্কভিটার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হবে না। রমজান মাসে প্রতিদিন তিন লাখ লিটার দুধের যে চাহিদা, তা মিল্কভিটা পূরণ করতে পারবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মিরপুরে মিল্কভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, সিরাজগঞ্জ ও পাবনার খামারিরা প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার লিটার তরল দুধ সরবরাহ করেন। বর্তমানে এই অঞ্চলের খামারিরা ওই পরিমাণ দুধ সরবরাহ না করলেও সারা দেশে মিল্কভিটার আরও ২৫টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা এলাকার খামারিরা অতিরিক্ত তরল দুধ সরবরাহ করে ঘাটতি মেটাবেন।বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের (মিল্কভিটা) সিবিএ সভাপতি মজিবর রহমান অভিযোগ করেছেন, পাবনা ও সিরাজগঞ্জে সাধারণ খামারিরা তরল দুধ সরবরাহ করতে চাচ্ছেন। কিন্তু কিছু স্থানীয় প্রভাবশালী খামারি ও রাজনৈতিক নেতা সরবরাহকাজে বাধা সৃষ্টি করছেন। তাঁরা জোট সরকারের আমলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মিল্কভিটায় পুনর্বহালের চেষ্টা চালাচ্ছেন।সিবিএর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মিল্কভিটা গত বছর রেকর্ড পরিমাণ অর্থাত্ ১৬ কোটি টাকা মুনাফা করেছে। অথচ জোট সরকারের শেষ সময় মিল্কভিটার ব্যাংকে রাখা অর্থের পরিমাণ ছিল মাত্র ১৬ লাখ টাকা। এমনকি যেখানে ২০০১-০৬ পর্যন্ত সময়ে মিল্কভিটার কর্মচারীদের ঠিকমতো বেতন দেওয়া সম্ভব হয়নি, সেখানে চলতি বছর ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ ৬০ কোটি টাকা উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উৎসাহ ভাতা নিয়মিত দেওয়া হচ্ছে।তাই বর্তমান প্রশাসনকে বহাল রেখে খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান সিবিআই নেতারা।