মিল্কভিটার ১০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত হবে: নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্কভিটা গত অর্থবছরে নিট নয় কোটি পাঁচ লাখ ৬৪ হাজার টাকা মুনাফা করেছে। গত বছরের তুলনায় এবার কাঁচা দুধ ক্রয়বাবদ ২০ কোটি ৯২ লাখ ৪৪ হাজার টাকা বেশি পরিশোধ করতে হবে। আজ মঙ্গলবার দেশের বৃহত্তর দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি মিল্কভিটার বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে।সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, জোট সরকারের আমলে মিল্কভিটায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ২০ কোটি টাকা ব্যয়ে পানি প্রক্রিয়াজাত করার যন্ত্র কেনা হয়েছে। নরসিংদীতে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু এগুলোর কোনটিই কাজে লাগানো হয়নি। এই দুর্নীতিগুলোর সঙ্গে মিল্কভিটার যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৩৪তম ওই সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় এক হাজার ৫০টি সমবায় সমিতির প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলনে আসন্ন রমজান মাস উপলক্ষে খামারি পর্যায়ে তরল দুধের সংগ্রহমূল্য প্রতি লিটারে দুই টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। তবে বিক্রয়মূল্য বাড়বে না।সম্মেলনে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন মিল্ক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রকৌশলী নুরুল ইসলাম। তিনি বলেন, চলতি বছর মিল্কভিটার সমবায়ীদের ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। এ খাতে ৩০ কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ শাহজাদপুর আসনের সাংসদ চয়ন ইসলাম বলেন, গত কয়েক বছরে গোখাদ্যের দাম বাড়লেও তরল দুধের সংগ্রহ মূল্য বাড়েনি। তিনি বলেন, মিল্কভিটার ১০০ কোটি টাকার দুর্নীতির দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের নিতে হবে।