মন্ত্রী, সাংসদ ও সরকারদলীয় নেতাদের সুপারিশ করা পুলিশ সদস্যরা সুযোগ পাচ্ছেন বেশি
মিশনে পুলিশ পাঠাতে তদবির
ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই পুলিশ বাহিনীর পাঁচ সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠাতে সুপারিশ করে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তাঁর মতো বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র নাথ শম্ভু সুপারিশ করেছেন পটুয়াখালীর কনস্টেবল জসিম উদ্দিনের জন্য। ময়মনসিংহ-৮ আসনের সাংসদ আবদুস সাত্তার মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) লোকমান হাকিমকে মিশনে পাঠাতে অনুরোধ করেছেন।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্য পাঠানোর জন্য এ রকম সুপারিশের ঘটনা অনেক। শুধু সুপারিশই আসছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রীতিমতো তালিকা পাঠিয়ে সেই তালিকা অনুযায়ী মিশনে লোক পাঠাতে বলা হচ্ছে। শুধু রাজনৈতিক নেতারাই যে তালিকা করছেন তা নয়, অনেক সরকারি কর্মকর্তাও নিজের পছন্দের লোকের নাম তালিকায় ঢুকিয়ে দেন।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সুপারিশের কারণে যোগ্য পুলিশ সদস্যরা শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না। দুই বছর আগে প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ অনেকেই এখনো মিশনে যাওয়ার সুযোগ পাননি। এ নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘লোকজন আমাদের কাছে সুপারিশের জন্য আসতেই পারে। সুপারিশ করা কোনো অন্যায় কাজ নয়। আমরা সুপারিশ করি না তা নয়, তবে পুলিশ কাকে বিদেশে পাঠাবে না-পাঠাবে, সেটা পুলিশের ব্যাপার। আইনবহির্ভূত কিছু করার সুপারিশ করা হয় না।’যোগাযোগ করা হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান বলেন, ‘পুলিশ বাহিনীতে নিয়োগ-বদলি ও পদোন্নতির ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ শোনা গেছে। কিন্তু বিদেশ মিশনে লোক পাঠানোর ক্ষেত্রে দলীয়করণ করা হলে তাতে দেশের ক্ষতি হবে। এটা মেধা ও দক্ষতার ভিত্তিতে হওয়া উচিত। তা না হলে এসব অযোগ্য লোক বিদেশে গিয়ে সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করবে।’পুলিশ কর্মকর্তারা জানান, ২০০৮ ও ২০০৯ সালে মিশনে যাওয়ার প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ ১৫৭ জন পুলিশ সদস্য ও অন্যান্য কাজের ১০২ জন মিলে মোট ২৫৯ জন এখনো মিশনে যেতে পারেননি। এঁরা দুই বছর ধরে অপেক্ষা করছেন। আবার সুপারিশের কারণে অনেকে মিশনে যাচ্ছেন। একজন কর্মকর্তা অভিযোগ করেন, এক নারী-পুলিশ সদস্য এইচবি ভাইরাস বহন করছিলেন। পুলিশ সদর দপ্তর থেকে তাঁর ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু তদবিরের কারণে তাঁকে মিশনে পাঠানো হয়েছে।এ ব্যাপারে জানতে চেয়ে কয়েক দিন আগে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের জাতিসংঘ ডেস্কের এআইজি হাসিব আজিজ কোনো মন্তব্য করতে রাজি হননি।অসংখ্য সুপারিশ: সুপারিশ করা কিছু তালিকা খোঁজ করে দেখা গেছে, খুলনা মহানগর পুলিশের কনস্টেবল জুয়েল মোল্লাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠাতে লিখিত সুপারিশ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গোপালগঞ্জের কাশিয়ানী থানা শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শেখ কল্পনাও সুপারিশ করেন জুয়েল মোল্লার জন্য। ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই চুয়াডাঙ্গায় কর্মরত আবদুল আলীম, যশোরের মাহমুদুল হাসান, পার্বত্য এলাকার তকিবুর রহমান, ডিএমপি প্রসিকিউশনের কামরুল হাসান ও ডিএমপি প্ররক্ষা বিভাগের টিটো মিজানের জন্য সুপারিশ করেছেন। এসব সুপারিশের ব্যাপারে জানতে চাইলে সাংসদ হাই তাঁর ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলতে বলেন। ব্যক্তিগত সহকারী প্রথম আলোকে বলেন, এঁরা সবাই নির্বাচনী এলাকা শৈলকুপার লোক। এ কারণে তাঁদের জন্য সুপারিশ করা হয়েছে।ময়মনসিংহে কর্মরত সোলায়মান ও এনামুল এবং মেহেরপুরে কর্মরত রহমত আলীর জন্য সুপারিশ করেছেন নাটোরের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন। ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম ঢাকার চ্যান্সারি বিভাগে কর্মরত পুলিশ সদস্য মজিবর রহমানের জন্য সুপারিশ করেছেন। পাবনা আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান সুপারিশ করেছেন কনস্টেবল শামিমুল ইসলামের জন্য।৬,৬৪৯ সদস্য মিশনে: পুলিশ সদর দপ্তরের জাতিসংঘ ডেস্ক সূত্র জানায়, ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। এ পর্যন্ত ছয় হাজার ৬৪৯ জন পুলিশ সদস্য মিশনে দায়িত্ব পালন করেছেন। গত মে মাস পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, এখন এক হাজার ৯৭১ জন সদস্য শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত আছেন। এতে পুলিশ সুপার থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদের কর্মকর্তা আছেন ৩৩ জন।জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে গত পাঁচ বছরে পুলিশ বাহিনী ৬৩০ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে গত বছরই আয় হয়েছে ২৩০ কোটি টাকা। তিন বছর ধরে শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি পুলিশ পাঠানোর তালিকায় রয়েছে বাংলাদেশ।তিনভাবে দায়িত্ব পালন: সূত্র জানায়, শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যরা তিনভাবে দায়িত্ব পালন করেন। একটি হলো সরাসরি পুলিশ হিসেবে জাতিসংঘে চাকরি। এ পদে আটজন পুলিশ কর্মকর্তা আছেন। দ্বিতীয়টি হলো প্রচলিত পুলিশিং বা সিভিলিয়ান পুলিশ (ইউএনপোল)। সিভিলিয়ান পুলিশ হিসেবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নির্বাচন করতে জাতিসংঘের প্রতিনিধিরা এসে পরীক্ষা নেন। এ ব্যবস্থায় রাজনৈতিক তদবিরের সুযোগ নেই। বর্তমানে ৩০৪ জন সদস্য এ ধরনের দায়িত্ব পালন করছেন। তৃতীয়টি হলো সুসজ্জিত দল বা এফপিইউ (ফরমড পুলিশ ইউনিট)। ২০০৫ সালে বাংলাদেশ থেকে সুসজ্জিত দল পাঠানো শুরু হয়। এ ধরনের মিশনের জন্য পুলিশ সদস্যরা তাঁদের ব্যবহারের সব ধরনের সরঞ্জাম যেমন, সাঁজোয়া গাড়ি, অস্ত্র, গোলাবারুদ, দাঙ্গা দমনের সরঞ্জাম, গাড়ি ইত্যাদি সঙ্গে নিয়ে যান। বর্তমানে বাংলাদেশ পুলিশের ১২টি সুসজ্জিত দল পাঁচটি মিশনে দায়িত্ব পালন করছেন। এসব মিশন হচ্ছে আইভরি কোস্ট, পূর্ব তিমুর, হাইতি, কঙ্গো ও দারফুর (সুদান)। ১২টি মিশনে এক হাজার ৬৬৯ জন কর্মকর্তা আছেন। এর মধ্যে হাইতিতে শুধু নারী-পুলিশের একটি শান্তিরক্ষা দল আছে। প্রতিটি মিশন থেকে সরকারের বছরে আয় ২০ কোটি টাকার বেশি বলে জানা গেছে।পুলিশ সদস্যরা অভিযোগ করেছেন, এসব মিশনে বেশির ভাগ কর্মকর্তার নাম এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সর্বশেষ দারফুরে তিনটি, কঙ্গোতে একটি, হাইতিতে একটি এবং মহিলা সুসজ্জিত দলসহ মোট ছয়টি মিশনের তালিকাও এভাবে এসেছে।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, মিশনে অংশ নেওয়া সরঞ্জাম সজ্জিত (এফপিইউ) দলগুলোর জন্য প্রশিক্ষণ পাঠ্যসূচি, মানসম্মত সরঞ্জাম ও দক্ষ পুলিশ তৈরির চূড়ান্ত কোনো নীতিমালা নেই। এ জন্য নীতি-প্রথা ও বিধি তৈরি করে এমন ডকট্রিন ডেভেলপমেন্ট গ্রুপের (ডিডিজি) আন্তর্জাতিক বৈঠক গত মার্চ মাসে ঢাকায় শেষ হয়েছে। তবে ওই বৈঠকের চূড়ান্ত নীতিমালা এখনো প্রকাশ করা হয়নি। এ নীতিমালা না থাকার কারণে পুলিশ বাহিনীর সদস্যরা মিশনে লোক পাঠানোর ক্ষেত্রে তাঁদের ইচ্ছামতো নীতি গ্রহণ করার সুযোগ পান।সুপারিশের ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, তদবির করা হলে পুলিশের আর কিছু করার থাকে না।