মিষ্টি কুমড়ার চাষে মিষ্টি হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধকুমার নদের পারের ধু ধু বালচরে এখন সবুজের প্লাবন। ঢলঢল পাতা ছড়িয়ে বিস্তীর্ণ এলকাজুড়ে বিছিয়ে গেছে মিষ্টি কুমড়ার লতা। পাতার মাঝে ছোট-বড় নানা আকারের কুমড়ার সারি। তার কোনো কোনোটি পেকে উঠেছে। নিবিড় সবুজের ভেতর থেকে উঁকি দিচ্ছে লালচে রঙের আভা। দেখলে চোখ জুড়িয়ে যায়। চরের নাম প্রথম আলো চর। মিষ্টি কুমড়া এই চরের মনুষের মুখে ফিরিয়ে এনেছে মিষ্টি হাসি।কেমন করে পতিত শুকনো বালুচর এমন মিষ্টি কুমড়ায় ভরে উঠল, জানতে চাইলে কৃষক সহিদুল ইসলাম বললেন, ‘হামরা কোনো দিন ভাববার পাই নাই, শুকনা বালুর মধ্যে কুমড়া হইবে। দুই বছর আগে দুধকুমার নদে বালু পড়ি বিশাল চর জাগি ওঠে। চর আবাদের উপযোগী হয় নাই। একদিন এক আপা আসি কয়, আপনারা এই চরে কুমড়া লাগান। আমরা বিশ্বাস করি নাই। তারপর হামাকরেক নিয়া তিস্তা নদীর চরত যায়। যায়া দেখি কি, কুমড়া আবাদ হইছে। উৎসাহ পাইলাম। তারপর শুরু।’চরের অবস্থান: কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে প্রথম আলো চর। চরে সাড়ে তিন শ পরিবারের বাস। হতদরিদ্র অবস্থা। যৎসামান্য চাষাবাদ ও মাছ ধরা তাদের জীবিকা। দুধকুমার নদ মূল ইউনিয়ন থেকে এই চরকে আলাদা করে রেখেছে। দুই বছর আগে মূল চরের পূর্ব পাশে বালু পড়ে আরও একটি বিশাল চর জেগে ওঠে। কিন্তু আবাদের উপযোগী হয়নি। চরের ৩০টি পরিবার অব্যবহূত এই বালুচরে মিষ্টি কুমড়ার চাষ করে সফল হয়েছে। এই মিষ্টি কুমড়া হাসি ফুটিয়েছে তাদের মুখে।বেসরকারি সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্টের (ইএসডিও) কর্মী রেহানা বেগম জানালেন, প্রথমে তিনি যখন বালুচরে কুমড়া চাষের কথা বলেন, কেউ বিশ্বাস করতে পারেনি। যে বালুর মধ্যে ঘাসও গজায় না, সেখানে কুমড়া হবে কেমন করে! তখন তাদের পাশের গ্রামের তিস্তার চরে নিয়ে গিয়ে চাষাবাদের পদ্ধাতি দেখানো হয়। তারা উৎসাহিত হয়। এরপর ৩০টি পরিবারের একজন করে সদস্য নিয়ে দল গঠন করা হয়। তিস্তার চরে গিয়ে তাঁদের বালুচরে চাষাবাদের ওপর কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়।ফিরে এসে তাঁরা এখানে কুমড়ার চাষে লেগে পড়েন।শুরুতেই বিপর্যয়: চাষিরা জানালেন, গত মার্চ মাসে তাঁরা প্রথমবার বীজ বপন করেন। বালিতে দুই থেকে তিন ফুট গর্ত করার পর ভালো মাটির স্তর দেখা যায়। দুই দিনে তাঁরা তিন হাজার গর্ত করেন। গোবরসহ অন্যান্য জৈব সার দিয়ে গর্তগুলো ভরাট করে বীজ বপনের উপযোগী করে তাতে বীজ বপন করেন।কৃষক সহিদুল ইসলাম জানান, শুরুতেই তাঁরা বিপর্যয়ে পড়েছিলেন। চরে তখন প্রায়ই ধূলিঝড় হতো। বীজ অঙ্কুরিত হওয়ার পরপরই এক ধূলিঝড়ে চারাগুলো নষ্ট হয়ে যায়। এরপর তাঁরা ইএসডিওর কর্মীদের পরামর্শ নিয়ে পলিব্যাগে চারা উৎপাদন করে গর্তগুলোয় চারা লাগাতে পারমর্শ দেন। এভাবে দ্বিতীয়বার লাগানো চারাগুলোই দিনে দিনে বেড়ে উঠে বালুচরকে সবুজ করে তোলে। এক সময় কুমড়াগাছের ডগায় হলুদ ফুল আসতে শুরু করে। কিষান-কিষানি পুরুষ ফুল ছিঁড়ে নিজ হাতে পরাগায়ণ করিয়েছেন। সেচ ও কম্পোস্ট সার দিয়েছেন নিয়মিত। দিনে দিনে বেড়ে উঠেছে অজস্র মিষ্টি কুমড়া। প্রথম আলো চরের রহিমা বেগম বলেন, ‘শুকনা বালুচরোত যে এত কুমড়া হয়, আগো বুঝি নাই। এল্যা থাকি কোনো চর ফাঁকা থাকপার নয়।’ হাসি ফুটেছে কৃষকের মুখে।গত মাসের শেষে প্রথমবার কুমড়া তোলা হয় চর থেকে। সবাই মিলে ১৭১টি পাকা কুমড়া তোলে তারা। একেকটি কুমড়ার ওজন ১৫ থেকে নিচে আট কেজি পর্যন্ত। এত বড় কুমড়া দেখে চরের মানুষ খুশি।কিষানি মেজভান বলেন, ‘আমি ১০টা কুমড়া পাইছি। এর মধ্যে পাঁচটা বিক্রি করছি। দুুটা খাইছি। দুটা আত্মীয়ক দিছি। একটা থুইয়া দিচ্ছি বানের (বন্যার) সময় নাগবে।’ তাঁর মন্তব্য হলো, ‘নদীর দুই পাশে যত চর পড়ি আছে, কুমড়া লাগাইলে মানুষের অভাব থাকবে না।’