মিষ্টি খাওয়ার জন্য শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রেলগেট এলাকায় একটি জুট মিলে মিষ্টি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা ট্রেডিং জুট মিলে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম বাদল হাওলাদার (৩০)। তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে নারীশ্রমিক মনিরন বেগমের (৩০) হাতের পাঁচটি আঙুল কাটা পড়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোনো নতুন শ্রমিক কাজে যোগ দিলে তাঁর কাছ থেকে তিন-চার হাজার টাকা নিয়ে মিলের সব শ্রমিকেরা মিষ্টি কিনে খান। ঢাকা ট্রেডিং জুট মিলের শ্রমিক ইব্রাহিম হাওলাদারের কাছে নতুন এক শ্রমিকের টাকা জমা ছিল। কিন্তু তিনি ওই টাকা দিয়ে শ্রমিকদের মিষ্টি খাওয়াচ্ছিলেন না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ইব্রাহিম হাওলাদার পাট কাটা দা দিয়ে মিলের পাশের বেলি বাগানে ওই শ্রমিককে কুপিয়ে হত্যা করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা চাপাতি (দা) উদ্ধার হয়েছে।