মিষ্টিপানি সংরক্ষণে স্লুইস সংলগ্ন ১৪টি খালের মুখে বাঁধ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কৃষকদের শুষ্ক মৌসুমে সেচসুবিধার লক্ষ্যে মিষ্টিপানি সংরক্ষণের জন্য ১৪টি স্লুইসসংলগ্ন খালের মুখে বাঁধ দেওয়া হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশ গত ৭ থেকে ৩০ নভেম্বর এসব বাঁধ নির্মাণ করে।৯ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, বানাতিপাড়া স্লুইস গেটসংলগ্ন খালের পাড়ে বসবাসরত কৃষকেরা বাঁধ দেওয়ার কাজ করছে। এ সময় বানাতিপাড়া গ্রামের কৃষক মিলন প্যাদা (২৬) বলেন, ‘মোগো ইউনিয়নের বান ভাইঙ্গা লবণ পানি হান্দনে গেল বছর অইতেই জমিতে কোনো ফলন অইতেছে না। এ্যাহন খালের মুহে বান দিয়া মিষ্টিপানি ধইর‌্যা রাখতে পারলে চাষবাস কইর‌্যা ফলন ফলাইতে পারমু।’ কৃষক আতাহার আলী জানান, বানাতিপাড়া খালের মুখে বাঁধ দেওয়ার ফলে লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া, চারিপাড়া, মঞ্জুপাড়া, এগারো নম্বর হাওলা ও বানাতিপাড়া গ্রামের চাষিরা সুফল ভোগ করতে পারবেন। চৌধুরীপাড়া গ্রামের ছফের উদ্দিন হাওলাদার (৬৫) বলেন, ‘বারবার লবণপানি হান্দনে কৃষকের কোমর অ্যামনেই ভাইঙ্গা গ্যাছে। হেইয়ার মধ্যে কৃষকদের স্বার্থে এই উদ্যোগ নতুন আশার সৃষ্টি করেছে। স্লুইস গেটগুলার সামনে বান দেওনে অ্যাহন মোগো যথেষ্ট উপকার অইবে।’ অ্যাকশন এইডের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া বড় সোতার স্লুইস গেট, চান্দুপাড়া কালামিয়ার স্লুইস গেট, মঞ্জুপাড়া গাজীবাড়ির নিকট স্লুইস গেট, মুন্সিপাড়া স্লুইস গেট, চৌধুরীপাড়া গাজীর খালের স্লুইস গেট, পশুরবুনিয়া স্লুইস গেট, চিংগুড়িয়া স্লুইস গেট, মেরাউপাড়া স্লুইস গেট, বানাতিপাড়া স্লুইস গেট, দশকানি স্লুইস গেট, মধুপাড়া স্লুইস গেট, মাছুয়াখালী স্লুইস গেট, মরিচবুনিয়া স্লুইস গেট ও উত্তর নিশানবাড়িয়া ফকু চৌকিদার বাড়ির নিকট স্লুইস গেটসংলগ্ন খালে বাঁধ দেওয়া হয়েছে। অ্যাকশন এইড কলাপাড়া কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. আরিফুর রহমান খান বলেন, ‘খালের মুখে বাঁধ দেওয়ার কাজ করার জন্য কৃষকদের প্রত্যেককে দৈনিক ১৫০ টাকা করে দেওয়া হয়েছে।’ লালুয়ার বানাতিপাড়া খালের মুখে বাঁধ দেওয়া কাজের উদ্বোধন করতে গিয়ে লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বিশ্বাস বলেন, ‘এ বছর জলোচ্ছ্বাসে লালুয়ার কৃষকদের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশ স্লুুইস গেটসংলগ্ন খালের মুখে বাঁধ দিয়ে লবণপানি রোধ আর মিঠাপানি সংরক্ষণ করার ব্যবস্থা করায় এলাকার কৃষকরা খুবই উপকৃত হয়েছে।’ এ ব্যাপারে উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার বলেন, ‘রবি মৌসুমে আমন ধান উঠে যাওয়ার পর এসব এলাকার আবাদি জমি মিষ্টি পানির অভাবে বিরান পড়ে থাকে। তা ছাড়া জলবায়ুর প্রভাবে জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ক্রমেই কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে মিষ্টিপানি সংরক্ষণ করে ফসল ফলানোর জন্য এটি হচ্ছে বাস্তবসম্মত পদক্ষেপ। এর ফলে বোরো চাষাবাদসহ অন্যান্য ফসলেরও ব্যাপক উৎপাদন হবে। আর জমিও আগের মতো অনাবাদি পড়ে থাকবে না।’পটুয়াখালী কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল রঞ্জন মণ্ডল বলেন, ‘খাদ্য উৎপাদন বৃদ্ধিতে মিষ্টিপানির উৎস নিশ্চিত হওয়ায় কৃষকদের চাষাবাদে অনেক সুবিধা হবে, ফলনও তুলনামূলক বেশি হবে। ওই এলাকার কৃষকদের স্বার্থে আসলেই এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’