মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ‘বুদ্ধিমতী’ লাইলা
সবাইকে অবাক করে দিয়ে এ বছর মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন মিস অ্যাঙ্গোলা লাইলা লোপেজ। গতকাল সোমবার ব্রাজিলের সাও পাওলো শহরে‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬০তম আসরে লাইলা লোপেজ এ খেতাব জিতে নেন।২০১০ সালের মিস ইউনিভার্স মেক্সিকান তরুণী জিমেনা নাভারেতি তাঁর উত্তরসূরি লোপেজের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন।২৫ বছর বয়সী ব্যবসায়ের শিক্ষার্থী লোপেজের জন্ম মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বেনগুয়েলা শহরে। তাঁর সৌন্দর্য ও বুদ্ধিতে মুগ্ধ হয়ে বিচারকেরা তাঁকে ২০১১ সালের মিস ইউনিভার্স নির্বাচনের সিদ্ধান্ত নেন। এ ছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন মিস ইউক্রেন ওলেসিয়া স্টেপেনকো, দ্বিতীয় রানার-আপ ব্রাজিলের প্রিসিলা মাসাদো।প্রতিযোগিতার প্রথম দিকে লাইলা লোপেজকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি মিস ইউনিভার্স নির্বাচিত হন, তা হলে তিনি তাঁর শরীরে কী পরিবর্তন আনবেন? জবাবে লাইলা বলেছিলেন, ‘আমি যা, তা নিয়ে আমি সন্তুষ্ট।’ লাইলা লোপেজের কাছে বাইরের নয়, ভেতরের সৌন্দর্যটাই বড়। লাইলা বিচারকদের বলেছেন, ‘আমি আমার পরিবার থেকে অনেক ভালো আদর্শ অর্জন করেছি এবং আমি তা সারা জীবন অনুসরণ করার পরিকল্পনা করেছি।’ পূর্বের সব রেকর্ড ভঙ্গ করে চলতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৯ জন প্রতিযোগী অংশ নেন।