মিসর, তিউনিসিয়া সীমান্তে তিন হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় নিরাপত্তার আশঙ্কায় থাকা প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি গতকাল রোববার মিসর ও তিউনিসিয়া সীমান্তে পৌঁছেছেন। সেখানে রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) ১০টি ক্যাম্প করেছে। ইতিমধ্যেই রেডক্রস ও অভিবাসন সংস্থা সীমান্তে অপেক্ষমাণ বাংলাদেশিদের দেখভাল শুরু করেছে। সেখানে কাজ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকেও ১০টি সমন্বয় দল করা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজকালের মধ্যে বাংলাদেশিরা মিসর ও তিউনিসিয়ায় প্রবেশ করে নিরাপদ অবস্থানে যেতে পারবেন। এ উদ্দেশ্যে মিসর দূতাবাস ছাড়াও ইতালি ও ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনজন অতিরিক্ত কর্মকর্তা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। কয়েক দিনে আরও কয়েকজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, লিবিয়ার বেশির ভাগ বাংলাদেশি মূলত ত্রিপোলি, বেনগাজি ও সাবা এলাকায় থাকেন। এর মধ্যে সাবার পরিস্থিতি একেবারেই শান্ত। সেখানে কোনো বিক্ষোভ হচ্ছে না। বেনগাজি এখন বিক্ষোভকারীদের দখলে রয়েছে। এই দুই এলাকায় বাংলাদেশিদের কোনো সমস্যা নেই। ত্রিপোলিতে গণ্ডগোল চলছে। সেখানে বাংলাদেশিদের দলবদ্ধ হয়ে থাকার অনুরোধ জানানো হচ্ছে। মন্ত্রী লিবিয়া-প্রবাসীদের উদ্দেশে বলেন, ‘যাঁরা যে অবস্থায় আছেন, সে অবস্থায়ই থাকুন। কারণ, সংখ্যা একটি বড় শক্তি। তিন-চার হাজার বাংলাদেশি একসঙ্গে থাকলে কোনো সমস্যা হবে না। আর বিচ্ছিন্নভাবে যেসব বাংলাদেশি রয়েছেন, যাঁদের মালিক চলে গেছেন, তাঁরা বড় ক্যাম্পগুলোয় গিয়ে সেখানকার বাংলাদেশিদের সঙ্গে থাকতে পারেন। কারণ বড় বড় কোম্পানির সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তাহীনতা ও খাবার সংকটে ভোগা বাংলাদেশিরা অভিযোগ করেছেন, তাঁদের নিরাপদে সরিয়ে নিতে ঢাকার জনশক্তি রপ্তানিকারকেরা কিছুই করছে না। তারা দায় এড়িয়ে চলছে। সূত্রমতে, সরকারও তাদের এ ব্যাপারে উদ্যোগ নিতে অনুরোধ করেছে। কিন্তু তাদের কাছ থেকে সাড়া মেলেনি। জানতে চাইলে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত শুক্রবার প্রবাসীকল্যাণমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে তাদের সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তাদের সাড়া পাওয়া যায়নি। বায়রার ভূমিকা: ওই বৈঠকে উপস্থিত জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করছি।’ কী ধরনের কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে সরকারকে জানাচ্ছি।’ লিবিয়ায় আটকে পড়া লোকজনকে নিরাপদে আশপাশের দেশে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে আলী হায়দার বলেন, ‘আমরা (জনশক্তি রপ্তানিকারকেরা) সেবাদানকারী প্রতিষ্ঠান। লিবিয়ায় যে পরিস্থিতি তাতে তথ্য জানানো ছাড়া আমাদের কিছু করার নেই।’বায়রার সভাপতি আবুল বাশার এ বিষয়ে জানান, ওই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। সংগঠনের মহাসচিব আলী হায়দারসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পর বায়রা একটি কমিটি গঠন করেছে। কমিটি এ পর্যন্ত কী কাজ করেছে জানতে চাইলে তিনি কিছু জানাতে পারেননি। দুই সীমান্তে অপেক্ষমাণ ৩৩৫০: ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিসরের আল-সালেম সীমান্তের কাছে তিন হাজার এবং তিউনিসিয়া সীমান্তে প্রায় ৩৫০ বাংলাদেশি অপেক্ষায় রয়েছেন। মিসর ও তিউনিসিয়া সীমান্তে বাংলাদেশিরা যাতে সহজে প্রবেশ করতে পারেন, এখন সে চেষ্টা চলছে। সাংবাদিকদের প্রবাসীকল্যাণমন্ত্রী: লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও তিন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তাঁর দপ্তরে গতকাল রোববার বৈঠক করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, লিবিয়ার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে প্রবাসীদের খোঁজখবর রাখছে। এমন কোনো অবস্থা হয়নি যে, সব বাংলাদেশিকে একেবারে সরিয়ে নিতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর ৫০ হাজার বাংলাদেশিকে একেবারে নিয়ে আসাও অসম্ভব ব্যাপার।সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), অন্তর্জাতিক রেডক্রস সোসাইটি (আইসিআরসি), জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা-ইউএনএইচসিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, প্রধানমন্ত্রীর কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন, বাংলাদেশ শিপিং করপোরেশনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে লিবিয়ার প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দেওয়ার জন্য আইসিআরসি, আইওএম এবং ইউএনএইচসিআরের সহায়তা চায় বাংলাদেশ। মন্ত্রী বলেন, যেসব শহরে অস্থিতিশীল পরিস্থিতি নেই সেসব শহরের বাংলাদেশি নাগরিকদের আপাতত ফেরত আনা হবে না। তবে পরিস্থিতি যদি এমন অবস্থায় পৌঁছায়, বাংলাদেশিদের ফেরত আনতেই হবে, তাহলে সে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। লেবাননে ইতিমধ্যেই বাংলাদেশের একটি জাহাজ প্রস্তুত আছে। বৈঠকে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান, নৌবাহিনীর প্রধান জহিরউদ্দিন আহমেদ, আইওএমের দক্ষিণ এশিয়ার প্রধান রাবাব ফাতিমা প্রমুখ উপস্থিত ছিলেন।