নববর্ষ উদযাপনের প্রাক্কালে মিসরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়া ও নাইজেরিয়ার রাজধানী আবুজায় গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ ঘটনায় কমপক্ষে ৩৯ ব্যক্তি নিহত এবং বেশ কয়েক ডজন আহত হয়েছে।মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলেকজান্দ্রিয়ার আল কাইদাসিন চার্চে আগত খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা নববর্ষের প্রার্থনা অনুষ্ঠান শেষে চার্চ ত্যাগ করার সময় একটি গাড়িবোমা সেখানে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে নয় ব্যক্তি নিহত এবং ২৪ জন আহত হয়েছে।এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং পার্শ্ববর্তী মসজিদে হামলা চালায়। আলেকজান্দ্রিয়ার মেয়র জেনারেল আদেল লাবিব মিসরীয় টিভিতে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চার্চে হামলার হুমকি ছিল। তাই তিনি সম্ভাব্য বোমা হামলা প্রতিরোধে সতর্কও ছিলেন। এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের লোকেরা আবেগাপ্লুত হয়ে বলেছেন, তারা তাদের আত্মা ও রক্ত যিশুর প্রতি নিবেদন করেছেন। কর্তৃপক্ষ বলছে, ঘটনার তদন্ত চলছে।এদিকে, নাইজেরিয়ায় নববর্ষ উদযাপনের প্রাক্কালে রাজধানী আবুজার একটি পানশালায় গতকাল শুক্রবার রাতে বোমা বিস্ফোরণের দ্বিতীয় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩০ ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।নাইজেরিয়ার প্রধানমন্ত্রী গুডলাক জনাথন এ বোমা হামলার জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করেছেন। বিবিসি ও রয়টার্স।