মিসর নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মুরসি জয়ী হওয়ায় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন ক্ষমতায় থাকা সেনাশাসকদের যেমন তাদের পছন্দ নয়, তেমনি ব্রাদারহুডকেও তারা সমর্থন করে না। সেনাশাসক ও ব্রাদারহুড উভয়ের সঙ্গে অনেক বিষয়ে মতের অমিল রয়েছে যুক্তরাষ্ট্রের। আজ বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।গত বছর গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন স্বৈরশাসক প্রেসিডেন্ট হোসনি মোবারক। এর পর ক্ষমতায় আসে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ (স্কাফ)। মোবারক ও তাঁর সহযোগীদের বিচার, বিভিন্ন অনিয়ম ও অবিচার নিয়ে তাদের সঙ্গে মিসরের বিপ্লবী জনতার দ্বন্দ্ব শুরু হয়। চলে দফায় দফায় বিক্ষোভ ও সহিংস ঘটনা। সম্প্রতি দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। কিন্তু ক্ষমতায় এলেও তিনি এমন এক পরিস্থিতিতে দেশের হাল ধরছেন, যখন দেশে কোনো পার্লামেন্ট নেই, স্থায়ী কোনো সংবিধান নেই—নেই গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার পরিষ্কার কোনো পথ। বরং তাঁকে দায়িত্ব পালন করতে হবে স্কাফের নিয়মনীতির বজ্র আঁঁটুনির ভেতর।এতে যুক্তরাষ্ট্র একটি বহুমাত্রিক কুটনীতিক চ্যালেঞ্জের সম্মুখীন বলে দেশটির বর্তমান ও সাবেক কর্মকর্তারা মনে করছেন। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্রকে দুই পক্ষের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি ও যুক্তরাষ্ট্রের সুয়েজ খালে প্রবেশের বিষয়ে করা দুটি চুক্তির বিষয়ে কৌশলগত সহযোগিতা বজায় রাখতে দুই পক্ষের সঙ্গে মিলেমিশে কাজ করাটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তাঁরা। এ ব্যাপারে নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের দুটি পথই খোলা রাখছি।’তবে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কাজ করা ওবামা প্রশাসনের জন্য খুব সুখকর হবে না বলে ধারণা করা হচ্ছে। আজ তারা সহিংসতার পথ থেকে দূরে সরে এলেও অতীতে ভয়াবহ সব সহিংসতা ঘটিয়েছে। এর আগে কয়েকজন কর্মকর্তা ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তি চুক্তির বিষয়ে এবং মিসরের নারী ও সংখ্যালঘু খ্রিষ্টানদের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন।মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে, মিসরের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের ক্ষমতা খুব সীমিত। এর চেয়ে মিসরীয় সেনাবাহিনী, মুসলিম ব্রাদারহুড ও সমাজের বাকি অংশকে এ ক্ষেত্রে কাজ করার পক্ষে জোর দেন তাঁরা।যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক পরিষদের কর্মকর্তা রব ড্যানিন বলেন, ‘এটা কোনো মেইড ইন আমেরিকা ইস্যু নয়।’ তা ছাড়া যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সত্যিকার অর্থে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না।তবে সামরিক কর্তৃপক্ষ বা মুসলিম ব্রাদারহুড—দুটি পক্ষই যুক্তরাষ্ট্রের জন্য বড় সমস্যা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের পর স্কাফ যে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ক্ষমতা জোরদার করেছে, এর মধ্যে তা গণতন্ত্রবিরোধী বলে কঠোরভাবে সমালোচিত হয়েছে। কাজেই তাদের সঙ্গে ওঠাবসা যুক্তরাষ্ট্রের জন্য তেমন সহজ হবে না। এদিকে মুসলিম ব্রাদারহুডকে তাদের অনিশ্চিত দীর্ঘমেয়াদি নীতিমালার জন্য ঝামেলাপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র।এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কংগ্রেস-বিষয়ক একজন সহযোগী বলেন, ‘এটি এক কঠিন সমস্যা। তবে এই সমীকরণে কিছু ক্ষেত্রে ব্রাদারহুডের সঙ্গে বোঝাপড়া তুলনামূলকভাবে সহজ হবে।’ তিনি বলেন, ব্রাদারহুড যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিকভাবে কাজ করবে, ইসরায়েলের সঙ্গে ১৯৭৯ সালের শান্তিচুক্তি ও সুয়েজ খালের মতো বিষয়গুলো তাদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আছে তারা।ওই সহযোগী আরও বলেন, ‘এর আগে আমরা তুরস্ক ও তিউনিসিয়ার পরিস্থিতি দেখেছি। আমরা দেখেছি যে নিজেদের যারা ইসলামপন্থী বলে দাবি করে, ঠিক আছে তারা। আমরা তাদের কর্মকাণ্ড বিচার করব, ইতিহাস নয়।’গত রোববার টেলিভিশনে সম্প্রচার করা ভাষণে মুরসি প্রেসিডেন্ট হিসেবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে অঙ্গীকার করেন। ইসরায়েলের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ক্ষমতায় এসে সব আন্তর্জাতিক চুক্তির ওপর গুরুত্বারোপ করেন।গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করে মুরসিকে নারী, মিসরীয় খ্রিষ্টান ও ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের নিয়ে সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা বেশ ইতিবাচক কথা শুনেছি। প্রকৃতপক্ষে তারা কী করে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’ব্রাদারহুড নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞা ও অনুমোদন সত্ত্বেও বছরের পর বছর ব্রাদারহুডের প্রতিনিধিদের সঙ্গে বিক্ষিপ্তভাবে যোগাযোগ রেখেছে। কখনো কখনো মিসরের পার্লামেন্ট সদস্যরাও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।