মিসর সীমান্তে আটকা পড়েছেন ৪৫০ বাংলাদেশি
লিবিয়া থেকে মিসর যাওয়ার পথে সীমান্তে আটকা পড়েছেন প্রায় সাড়ে ৪০০ বাংলাদেশি। লিবিয়ার বেনগাজিতে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি ওই নাগরিকেরা গতকাল বুধবার রাতে মিসরের উদ্দেশে রওনা দেন।আটকে পড়া ব্যক্তিদের একজন কৃষ্ণচন্দ্র পাল আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল রাত স্থানীয় সময় ১১টার পর তাঁরা মিসর সীমান্তে পৌঁছান। কিন্তু পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র না থাকায় মিসরের অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের সে দেশে ঢুকতে দিচ্ছে না।কৃষ্ণ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকজন ইতিমধ্যে লিবিয়া ছেড়ে গেছেন। নিয়ম অনুযায়ী আমাদের পাসপোর্টগুলো দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের কাছে জমা আছে। এ পরিস্থিতিতে সরকার মিসরের সঙ্গে যোগাযোগ করে কোনো বিকল্প ব্যবস্থা না নিলে আমাদের দেশে ফেরাটা অনিশ্চিত হয়ে পড়বে।’প্রসঙ্গত, লিবিয়ায় এখন প্রায় ৫০ হাজার বাংলাদেশি কাজ করছেন। এঁদের বেশির ভাগই রয়েছেন বেনগাজিতে।