মিসর সীমান্তে পৌঁছেছে আরও ৬৯৮ বাংলাদেশি
লিবিয়া থেকে আরও ৬৯৮ জন বাংলাদেশি মিসর সীমান্তে এসে পৌঁছেছেন। তাঁরা এখন দেশে ফেরার জন্য সীমান্তে অপেক্ষা করছেন। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই বাংলাদেশিরা লিবিয়া থেকে আল সাল্লুম সীমান্ত দিয়ে মিসরে প্রবেশ করেছেন। এ ছাড়া তিউনিসিয়ার রাস জাদির সীমান্তে আছেন ২৩ বাংলাদেশি।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিসর ও তিউনিসিয়া সীমান্তে থাকা বাংলাদেশিদের বিমানে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিমান বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া বেনগাজি থেকে আরও হাজারখানেক বাংলাদেশি দেশে ফেরার জন্য যোগাযোগ করছেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিসর সীমান্তের বেশির ভাগ ক্যাম্প এখন লিবিয়া থেকে ফেরত আসা আফ্রিকানদের দখলে। ফলে অনেক বাংলাদেশিকে ক্যাম্প সংকটে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। শিগগিরই তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ পর্যন্ত লিবিয়া থেকে মোট ১৩১টি ফ্লাইটে ৩৫ হাজার ৪৩৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে আইওএমের ১১৩টি এবং বাকি ১৮টি বিমানের। লিবিয়া থেকে মোট এর মধ্যে তিন হাজার ৮৪৫ জন নিজ উদ্যোগে বা কোম্পানির মাধ্যমে ফিরেছেন। বাকিদের মধ্যে ২৭ হাজার ১০১ জন আইওএমের বিশেষ বিমানে এবং চার হাজার ৪৮৭ জন বিমানের ফ্লাইটে দেশে ফিরেছেন।