মিসর: সরকারি কর্মচারীদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনি মোবারক-বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মিসর সরকার দেশটির সরকারি কর্মচারীদের বেতন ও অবসরকালীন ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার দেশটির নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে মিসরের অর্থমন্ত্রী সামির রেদওয়ান ইতিমধ্যে ৯৬ কোটি ডলার বরাদ্দ করেছেন। এ বরাদ্দের মাধ্যমে দেশটির প্রায় ৬০ লাখ সরকারি কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হবে। সংকট সমাধানে বিরোধীদের সঙ্গে সামান্য ঐক্য সত্ত্বেও মোবারকের পদত্যাগের দাবিতে কায়রোতে এখনো বিক্ষোভ চলছে। কায়রোর তাহরির স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী মোবারকের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে। এদিকে মিসরে সরকারবিরোধী বিক্ষোভের সময় নিখোঁজ হওয়া ব্লগার এবং গুগলের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের বিপণন প্রধান ওয়ায়েল গনিম গতকাল সোমবার মুক্তি পেয়েছেন। গত ২৮ জানুয়ারি কায়রো থেকে ওয়ায়েল গনিম নিখোঁজ হন। সরকারবিরোধী আন্দোলন সংগঠনের অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। বিক্ষোভকারীরা তাঁর মুক্তিকে স্বাগত জানিয়েছে। বিবিসি, আল-জাজিরা।