যুদ্ধবিরতির মাধ্যমে সংকট সমাধানের লক্ষ্যে লিবিয়া সরকার ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য গতকাল রোববার ত্রিপোলি পৌঁছেছে আফ্রিকান ইউনিয়নের (এইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। কিন্তু এর মধ্যেই গুরুত্বপূর্ণ মিসরাতা ও আজদাবিয়া শহরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষে চলছে তুমুল লড়াই। মিসরাতা ও আজদাবিয়ায় ন্যাটো বাহিনী গতকাল বিমান হামলা চালিয়ে গাদ্দাফি বাহিনীর ২৫টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। শনিবার গাদ্দাফি বাহিনীর হামলায় নিহত হয় বিদ্রোহীদের ৩০ যোদ্ধা। গতকাল আজদাবিয়ায়ও মারা গেছে চার বিদ্রোহী।পশ্চিমের একমাত্র মিসরাতা শহরটি এখনো বিদ্রোহীরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু শহরটির দখল ছিনিয়ে নিতে কয়েক দিন ধরে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে গাদ্দাফি বাহিনী। চারদিক থেকে তারা শহরটি ঘিরে রেখেছে। চলছে গোলাবর্ষণ। বিদ্রোহীদের এক মুখপাত্র আবদুল সালাম বলেন, ‘সরকারি বাহিনী শহরের তিন দিক থেকে আমাদের ওপর হামলা চালায়। চিকিৎসকেরা জানিয়েছেন, কমপক্ষে ৩০ যোদ্ধা মারা গেছে।’ তবে গাদ্দাফি বাহিনীর হামলায় অনেক হতাহতের পরও বিদ্রোহীরা খুশি। খুশি এ কারণে যে, ন্যাটো বাহিনী তাদের সহযোগিতায় তৎপর হয়েছে। মিসরাতা ও আজদাবিয়ায় ন্যাটো ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে গতকালই ধ্বংস হয়েছে গাদ্দাফি বাহিনীর ২৫টি ট্যাঙ্ক। ন্যাটো জানায়, বেসামরিক লোকদের রক্ষায় তারা এ বিমান হামলা চালিয়েছে।বিদ্রোহীদের মূল আস্তানা বেনগাজি শহরে ঢোকার প্রধান ফটক হিসেবে পরিচিত আজদাবিয়া শহর। বেনগাজির দিকে এগোতে হলে গাদ্দাফি বাহিনীকে আজদাবিয়ার ওপর দিয়েই যেতে হবে। এ জন্য শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া গাদ্দাফি বাহিনী। গতকাল তারা বেপরোয়া বোমাবর্ষণ করতে করতে আজদাবিয়া শহরের মধ্যে ঢুকে পড়ে। দিনভর চলে দুই পক্ষে তুমুল লড়াই। এতে কমপক্ষে চার বিদ্রোহী যোদ্ধা নিহত হয়।লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম গতকাল জানান, উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) লঙ্ঘন করায় ব্রেগা শহরের কাছে তাঁরা বিদ্রোহীদের দুটি হেলিকপ্টার ভূপাতিত করেছেন।কাইম অভিযোগ করেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব অনুযায়ী ন্যাটো বাহিনী লিবিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা কার্যকর করতে এলেও তারা আসলে বিদ্রোহীদের পক্ষ নিচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে, এটা শুধু আমাদের প্রতিহত করার জন্য। বিদ্রোহীরা জঙ্গি হেলিকপ্টার ব্যবহার করলেও ন্যাটো বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।’জোর কূটনৈতিক তৎপরতা: এদিকে দুই পক্ষের তুমুল লড়াইয়ের পাশাপাশি যুদ্ধ বন্ধে চলছে জোর কূটনৈতিক তৎপরতা। মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলদ আবদেল আজিজের নেতৃত্বে আফ্রিকান নেতাদের একটি প্রতিনিধিদল গতকাল ত্রিপোলির উদ্দেশে মৌরিতানিয়া থেকে রওনা হয়। এ দলে আরও আছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, কঙ্গোর প্রেসিডেন্ট ডেনিস সসাও এনগুসো, মালির প্রেসিডেন্ট আমাদেও তৌমানি তৌরে এবং উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী হেনরি ওক্কেলো। গতকাল সবাই নিজেদের বিমানে আলাদাভাবে ত্রিপোলি পৌঁছান। প্রতিনিধিদলটি প্রথমে ত্রিপোলিতে গাদ্দাফির সঙ্গে বৈঠক করবে। এরপর যাবে বেনগাজিতে। সেখানে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করবে।দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, লিবিয়া সরকার ও বিদ্রোহী—উভয় পক্ষের সঙ্গে বৈঠকে আলোচনার মূল বিষয় হবে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার জন্য দুই পক্ষকে রাজি করানো এবং এরপর রাজনৈতিক সংলাপের পথ উন্মুক্ত করা।এক মার্কিন জেনারেল ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, লিবিয়ার বিদ্রোহীদের যে অবস্থা, তাতে তাদের দিয়ে সামরিক উপায়ে গাদ্দাফিকে উৎখাতের সম্ভাবনা খুবই কম। কাজেই আলোচনা বা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথ খোঁঁঁজাই ভালো হবে। তবে বিদ্রোহীরা জানিয়ে দিয়েছে, গাদ্দাফির সঙ্গে তারা কোনো সমঝোতায় যাবে না। এএফপি, রয়টার্স, বিবিসি ও টেলিগ্রাফ অনলাইন।