মিসরাতায় সেনা অভিযান স্থগিত, গতকালের হামলায় নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত সরকারি সেনারা মিসরাতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। আজ রোববার সকালে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম এ ঘোষণা দেন বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে। এদিকে গতকাল শনিবার মিসরাতায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ ব্যক্তি নিহত এবং ৭২ জন গুরুতর আহত হয়েছে বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে বলা হয়েছে। আজ সকালে লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম বলেছেন, সরকারি সেনারা মিসরাতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বন্ধ রেখেছে। বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় আদিবাসীদের আলোচনা ও সমঝোতার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি উল্লেখ করেন, সেখান থেকে সরকারি সেনা প্রত্যাহার করা হবে না। এর আগে গতকাল শনিবার খালেদ কাইম দাবি করেন, বিদ্রোহীদের দমনের ব্যাপারে মিসরাতার উপজাতি নেতারা সরকারি সেনাদের সময়সীমা বেঁধে দিয়েছে। সরকারি সেনারা যদি ব্যর্থ হয়, তবে বিদ্রোহীদের বিরুদ্ধে স্থানীয় উপজাতিরাই লড়াই করবে। এদিকে মিসরাতার বিদ্রোহীরা উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইমের এ বিবৃতি প্রত্যাখ্যান করেছে। আজ সকালেও সেখানে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, কয়েক সপ্তাহের সংঘর্ষে মিসরাতায় এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।