মিসরীয় খ্রিষ্টানদের নতুন পোপ টাওয়াড্রোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশপ টাওয়াড্রোসকে মিসরের কপটিক খ্রিষ্টানদের নতুন পোপ নির্বাচন করা হয়েছে। এখন থেকে তিনিই হবেন মধ্যপ্রাচ্যে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নতুন নেতা। কায়রোর সেন্ট মার্ক ক্যাথিড্রালে একটি কাচের পাত্রে পোপ হিসেবে তিনজনের নাম লেখা কাগজ রাখা হয়। চোখ বাঁধা অবস্থায় একটি শিশু সেই কাচের পাত্র থেকে একটি কাগজ তুলে আনে। গত মার্চে ৮৮ বছর বয়সে মারা যাওয়া পোপ তৃতীয় সেনাউডার স্থলাভিষিক্ত হবেন ৬০ বছর বয়স্ক এই নতুন পোপ। পোপ নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য দুজন হলেন বিশপ রাফায়েল ও ফাদার রাফায়েল এভা মিনা। বিভিন্ন গির্জা ও সম্প্রদায় থেকে নির্বাচিত প্রায় ২৪০০ জন প্রতিনিধির দেওয়া গোপন ব্যালটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হন। এই তিনজনের নামগুলো ছোট ছোট কাগজে লিখে স্বচ্ছ কাচের বলের মধ্যে নিয়ে গির্জার বেদীর ওপর রাখা হয়। কাচের ওই বল থেকে নাম তোলার জন্য ১২ জন শিশুদের মধ্য থেকে একটি শিশুকে বেছে নেওয়া হয়। পরে তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। ওই শিশু বিশপ টাওয়াড্রোসের নাম লেখা কাগজটি তুলে আনে।বিশপ টাওয়াড্রোস তখন পর্যন্ত ভারপ্রাপ্ত নেতা বিশপ পেকোমিয়াসের সহকারী হিসেবে কাজ করছিলেন। তাই বিশপ টাওয়াড্রোসের নামটি নির্বাচিত হলে বিশপ পেকোমিয়াস পুরো ক্যাথিড্রালে আসা অতিথিদের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন। কপটিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মতে, এই নির্বাচনের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। বিশপ টাওয়াড্রোসকে ১৮ নভেম্বর ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে পোপের আসনে অধিষ্ঠিত করা হবে। বিবিসির কায়রো সংবাদদাতা জন লেইন জানান, নতুন পোপ টাওয়াড্রোস যুক্তরাজ্যে পড়াশুনা করেছেন এবং একটি ওষুধ কারখানা পরিচালনা করতেন।