মিসরীয় প্রেসিডেন্টের সন্তানদের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক
২০১১ সালে জনবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর মোহাম্মদ মুরসি মিসরের পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশে শান্তি ফিরিয়ে আনতে এবং মোবারকের আমলের দুর্নীতির সুরাহা করতে ত্রস্ত দিন কাটাচ্ছেন মুরসি। এরই মধ্যে তর্ক ঘনিয়ে উঠেছে তাঁর পাঁচ সন্তানের মধ্যে দুজনের নাগরিকত্ব নিয়ে। প্রেসিডেন্ট মুরসির দুই সন্তানের মার্কিন নাগরিকত্ব ধরে রাখাকে অবৈধ ঘোষণার দাবিতে করা এক মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ শনিবার কায়রোর একটি আদালতে।প্রেসটিভির খবরে বলা হয়, আইনজীবী মোহাম্মদ তারিক প্রেসিডেন্টের দুই সন্তান ওসামা ও শাইমার মার্কিন নাগরিকত্ব গ্রহণকে অবৈধ ঘোষণার দাবি জানিয়ে আদালতের শরণাপন্ন হন গত জুলাই মাসে।খবরে বলা হয়, মিসরের ইতিহাসের এই জটিল সন্ধিক্ষণে মামলাটি বেশ তাত্পর্যপূর্ণ। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়, প্রেসিডেন্টের সন্তানেরা মিসর ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব ধারণ করবে, এটা মিসরীয়দের কাছে অনাকাঙ্ক্ষিত।মামলার বাদীর দাবি, মুরসির সন্তানদের মার্কিন নাগরিকত্ব নেওয়া মিসরের নাগরিকত্ব আইনের পরিপন্থী। তিনি চান, বিবাদী পক্ষ তাঁদের মার্কিন নাগরিকত্ব ত্যাগ করুক এবং দেশের জনগণের সামনে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক।এর আগে গত জুলাই মাসে প্রেসিডেন্টের ছেলে ওসামা মিসরীয় জাতীয় দৈনিক ‘আল মাসরি আল ইয়াওম’কে বলেছিলেন, তাঁরা মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করবেন না; কারণ, এটি তাঁদের ব্যক্তিস্বাধীনতার সঙ্গে যুক্ত।ওসামা মনে করেন, ওই মামলার কোনো শক্তিশালী ভিত্তি নেই এবং কাউকে নাগরিকত্ব ত্যাগে বাধ্য করানো অবৈধ ও অযৌক্তিক। তবে তিনি বলেন, এ বিষয়ে আদালতের রায় তাঁরা মেনে নেবেন।মুরসি যখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছিলেন, তখন সেখানে তাঁর সন্তান ওসামা ও শাইমা জন্মগ্রহণ করেন। এই সূত্রে তাঁরা মার্কিন নাগরিকত্ব পান।