মিসরে আজ নামবে গণতন্ত্রপন্থী জনতার ঢল
মিসরের গণতন্ত্রকামী জনতা প্রেসিডেন্ট হোসনি মোবারকের দেওয়া গতকাল বৃহস্পতিবারের ভাষণে হতাশ হয়েছে। সেই সঙ্গে তারা ক্ষোভে ফেটে পড়েছে। আজ শুক্রবার মিসরের সর্বত্র নামবে গণতন্ত্রপন্থী জনতার ঢল। স্বৈরাচারী মোবারকের বিদায় ঘণ্টা বাজাতে তারা মুখর হয়ে উঠবে মিসরের রাজপথে।হোসনি মোবারক গতকাল তাঁর ভাষণে আবারও পদত্যাগ না করার ঘোষণা দেন। মোবারক বলেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। গতকাল সর্বত্র গুজব ছিল যে মোবারক পদত্যাগের ঘোষণা দেবেন। তবে মোবারকের ভাষণ শুনে মিসরের জনগণ আশাহত হয়। ভাষণের পর গভীর রাতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। সেই সঙ্গে মিসরের লাখ লাখ জনতা আজ শুক্রবার দেশব্যাপী স্মরণকালের সর্ববৃহত্ মোবারকবিরোধী বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে। মোবারকবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে আজ শহীদ দিবস পালনের কর্মসূচি ছিল। তবে গতকালের ভাষণ নাগরিকদের মধ্যে ক্ষোভের নতুন আগুন জ্বেলে দিয়েছে। দেশটির বিরোধীদলীয় নেতা মোহাম্মদ এলবারাদি গতকাল রাতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে মোবারকের এই ভাষণ শুনে মিসর জ্বলে উঠবে।এক বিক্ষোভকারী বলেন, ‘মোবারক নির্লজ্জভাবে পদত্যাগ অস্বীকার করেছেন। তাঁকে এর মূল্য দিতে হবে।’ গণতন্ত্রপন্থীরা এরই মধ্যে মিসরে পার্লামেন্টে যাওয়ার পথ অবরুদ্ধ করে রেখেছে। তারা রেডিও এবং টেলিভিশন কেন্দ্রও ঘিরে রেখেছে। মোবারকের ভাষণের পর থেকে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে। দেশের হাজার হাজার ধর্মঘটী শ্রমিক আজকের বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ‘মোবারকের ভাষণের পর মিসর এক অনিশ্চয়তার যুগে প্রবেশ করল। এই ভাষণ মিসরকে সহিংসতার দিকে ঠেলে দেবে।’ আল জাজিরা, বিবিসি, গার্ডিয়ান।