মিসরে আবারও সংঘর্ষ, নিহত ১
মিসরের পার্লামেন্ট ভবনের কাছে নতুন করে বিক্ষোভে আহমেদ সায়েদ নামের একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়ির আঘাতে দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আপাত সমঝোতা হওয়ার পরে এই প্রথম একজন নিহত হলেন।মিসরের তাহরির স্কয়ারে নির্বাচনকে সামনে রেখে শতাধিক বিক্ষোভকারী সারারাত বিক্ষোভ করেন। তাহরির স্কয়ারে বিক্ষোভের পাশাপাশি কায়রো ও আলেকজান্দ্রিয়াতেও তাঁরা বিক্ষোভ করেছেন।উল্লেখ্য, মিসরের ক্ষমতাসীন সেনাপর্ষদ সাবেক প্রধানমন্ত্রী কামাল আল-গানজুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। এ ই মধ্যে নবনিযুক্ত প্রধানমন্ত্রী মিসরবাসীর কাছে সময় চেয়েছেন।এদিকে বেসামরিক কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য ওয়াশিংটন আহ্বান জানিয়েছে। সেনাশাসন অবসানের দাবিতে তাহরির স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী জমা হয়েছেন। নির্বাচনের আগেই সেনাশাসনের অবসানের দাবিতে তাঁরা বিক্ষোভ করছেন। রয়টার্স।