মিসরে আরব বসন্তের ‘মধুচন্দ্রিমা’ শেষ! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বিশ্বে চলছে পরিবর্তনের পালা। এরই মধ্যে তিউনিসিয়া, মিসর, লিবিয়ার ক্ষমতাসীনরা সরে গেছেন আন্দোলনের মুখে। আন্দোলন চলছে সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। তিউনিসিয়ার বেন আলীকে পালাতে হয়েছে সৌদি আরবে। মিসরের হোসনি মোবারক ক্ষমতা ছেড়ে মুখোমুখি হয়েছেন বিচারের। বিদ্রোহীদের হাতে প্রাণও দিতে হয়েছে লিবিয়ার লৌহমানব মুয়াম্মার গাদ্দাফিকে। এ আন্দোলনে স্বাধীনতাকামী হাজারো মানুষের রক্ত ঝরেছে পরিবর্তনের আশায়।এখন প্রশ্ন, পরিবর্তন কি হবে? না কি শুধু ক্ষমতার মসনদ থেকে সরেছে শুধু ব্যক্তিগুলো, চরিত্রগুলো আগের মতোই আছে।

তিউনিসিয়ায় নতুন কোয়ালিশন সরকার গঠিত হয়েছে। লিবিয়ায় ন্যাটো-সমর্থিত অন্তর্বর্তী সরকার আর মিসরে সেনাবাহিনী দেশটির ক্ষমতায়।মিসরের একনায়ক হোসনি মোবারককে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে আন্দোলনের মুখে। আন্দোলনকারীদের আশা ছিল নতুন এক মিসরের। এ আন্দোলনের শুরুটাও ছিল মর্মান্তিক। রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এক সবজি বিক্রেতা নিজ গায়ে আগুন জ্বালিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। এর পরপরই তাহরির স্কয়ারে নামে ফুঁসে ওঠা মানুষের ঢল। দেওয়া হয় মোবারকের পতনের ডাক। আধুনিক যোগাযোগের সব মাধ্যম ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে আন্দোলনের পক্ষে জনমত তৈরি হয়। একপর্যায়ে জমে ওঠে আন্দোলন। তাহরির স্কয়ার পরিণত হয় মুক্তির আন্দোলনের সূতিকাগার। এ আন্দোলন সফলও হয়। ৩২ বছর এককভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার পর মোবারককে সরে যেতে হয়।মিসরবাসী ভাবল, এবার একনায়ক থেকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে। প্রতিষ্ঠিত হবে জনগণের শাসন। মত প্রকাশের অবাধ স্বাধীনতা পাবে তারা। কিন্তু তা কি হয়েছে? উত্তরটা সবারই জানা। মিসরের মসনদ থেকে মোবারকের নাম সরেছে মাত্র। মোবারকের খোলসে আরেক শাসক এখন ক্ষমতায়, সেনাবাহিনী। কয়েক মাসের ব্যবধানে আবারও মিসরের তাহরির স্কয়ারে উত্তাল। এবার আন্দোলন বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে। এতে গত সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ হারাতে হয়েছে ৩৩ জনকে। ভবিষ্যত্ই বলতে পারবে মোবারক পতনের পর মিসরবাসী কবে সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাবে। আল-জাজিরা।